tanaka
প্রচ্ছদসারাদেশঅনিয়মতান্ত্রিক মেলা ব্যবসায়ীদের নিরুৎসাহিত করবে: আরিফুল হক

অনিয়মতান্ত্রিক মেলা ব্যবসায়ীদের নিরুৎসাহিত করবে: আরিফুল হক

সিলেটে ব্যবসার অনুকূল পরিবেশ গড়ে তোলা, নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপন এবং বাণিজ্যিক কার্যক্রম আরও বিস্তৃত করতে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার নগরীর কুশিয়ারা কনভেনশন হলে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সিলেট প্রবাসী অধ্যুষিত এবং পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এখানকার ব্যবসায়ীরা যদি সুপরিকল্পিতভাবে উদ্যোগ নেন, তাহলে শিল্প ও বাণিজ্যের বিকাশে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে।

এ সময় বাণিজ্যিক মেলা আয়োজনের বিষয়েও সতর্ক করেন তিনি। তার ভাষ্য, অনিয়ন্ত্রিতভাবে এবং উপযুক্ত সময় বিবেচনা না করে মেলার আয়োজন করা হলে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। এ ধরনের আয়োজন নির্দিষ্ট নিয়মনীতি ও শৃঙ্খলার মধ্যে না আনলে ব্যবসায়ীদের আগ্রহ ও উৎসাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আরিফুল হক চৌধুরী বিভিন্ন ব্যবসায়ী সংগঠনে ‘পকেট কমিটি’ গঠনের সমালোচনা করেন। প্রকৃত ব্যবসায়ীদের অংশগ্রহণ নিশ্চিত করে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

সিলেট চেম্বারসহ ব্যবসায়ীদের অন্যান্য সংগঠনেও কার্যকর ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না। এ সময় রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

সিলেটে বাণিজ্যিক মেলা আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী সমাজ ও উইমেন চেম্বারের মধ্যে মতবিরোধ এবং পাল্টাপাল্টি অবস্থানের প্রেক্ষাপটে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। মেলা আয়োজনকে নিয়মনীতি ও শৃঙ্খলার মধ্যে আনার বিষয়ে শাসক দল, প্রশাসন এবং ব্যবসায়ী মহলের মধ্যে এ আলোচনা চলছে।