tanaka
প্রচ্ছদসারাদেশনিষিদ্ধ ছাত্রলীগের ‘ধর্মঘট’ পোস্টার লাগিয়ে কলেজের প্রধান ফটকে তালা

নিষিদ্ধ ছাত্রলীগের ‘ধর্মঘট’ পোস্টার লাগিয়ে কলেজের প্রধান ফটকে তালা

খুলনার পাইকগাছায় গড়ইখালী শহীদ আয়ুব ও মুছা মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রধান ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের ‘ধর্মঘট’ লেখা পোস্টার লাগিয়ে শিকল দিয়ে তালাবদ্ধ করার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এ ঘটনা ঘটায়।

এ ঘটনায় স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

কলেজ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় কলেজের প্রধান ফটকে নতুন একটি শিকল পেঁচিয়ে তালা লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। একই সঙ্গে ফটকে নিষিদ্ধ খুলনা জেলা ছাত্রলীগের ‘ধর্মঘট’ লেখা একটি পোস্টার সাঁটানো হয়। বিষয়টি কলেজ কর্তৃপক্ষের নজরে আসার পর তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে কলেজের প্রধান ফটক খুলে দেয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম শেখ বলেন, ঘটনার দিন মাগরিবের নামাজের সময় কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাঁরা জানেন না। বিষয়টি জানতে পেরেই পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তালা ভেঙে ফটক খুলে দেয়।

বাইনবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. খায়রুল আলম বলেন, কলেজ কর্তৃপক্ষের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কলেজের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আওয়াল কবির বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। এ বিষয়ে তদন্ত চলছে। নিষিদ্ধ ছাত্রলীগের যেকোনো ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এদিকে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে রাজনৈতিক পোস্টার লাগানোর ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কারা, কী উদ্দেশ্যে এবং কোন প্রেক্ষাপটে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।