কিশোরগঞ্জের বাজিতপুরে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যবহৃত বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পিরিজপুর বাজারে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেওয়া হয়।
পুলিশের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ অগ্নিসংযোগের সঙ্গে জড়িত।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি ভৈরব সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নির্ধারিত ছিল। বাজিতপুরের পিরিজপুর ও আশপাশের এলাকার শিক্ষার্থীরা প্রতিদিন এই বাসে করে কলেজে যাতায়াত করেন। সোমবারও শিক্ষার্থীদের আনা-নেওয়ার কাজ শেষে বাসটি পিরিজপুর বাজারের নির্ধারিত স্থানে রাখা হয়েছিল।
স্থানীয়দের ভাষ্য, ভোররাত ৩টার দিকে বাজারের নির্জনতার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসটির অধিকাংশ অংশ পুড়ে যায় এবং শেষ পর্যন্ত পুরো গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।
শিক্ষার্থীদের যাতায়াতের গুরুত্বপূর্ণ এই বাসটি পুড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাসটি নষ্ট হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বাসটিতে আগুন দিয়েছেন বলে পুলিশ জানতে পেরেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।



