tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকনির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ, ৫০০-এর বেশি আটক

নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ, ৫০০-এর বেশি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ থেকে ৫০০ জনের বেশি আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) আয়োজিত এ বিক্ষোভে আম আদমি পার্টি (এএপি) ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আটকদের মধ্যে এএপির দিল্লি সভাপতি সৌরভ ভরদ্বাজ ও বিধায়ক সঞ্জীব ঝাসহ দলটির কয়েকজন নেতা রয়েছেন। রাজ্যসভা সদস্য সঞ্জয় সিংকেও বিক্ষোভস্থলে যেতে বাধা দেওয়া হয় বলে এএপির পক্ষ থেকে জানানো হয়েছে।

বিক্ষোভকারীরা নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (SIR) প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন। এএপি ও অন্যান্য সংগঠনের অভিযোগ, এই প্রক্রিয়ায় বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে অবশ্য ভোটার তালিকা পরিশুদ্ধ ও অযোগ্য বা দ্বৈত নাম বাদ দেওয়ার উদ্দেশ্যের কথা বলা হয়েছে।

বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লির নিউ দিল্লি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-এর ১৬৩ ধারার অধীনে নিষেধাজ্ঞা জারি করা হয়। যান চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়।

এদিকে দিল্লি মেট্রো রেল করপোরেশন (DMRC) জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে ১১টি মেট্রো স্টেশনের প্রবেশ ও বহির্গমন বন্ধ রাখা হয়েছে। স্টেশনগুলো হলো—জনপথ, প্যাটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, রাজীব চক, সেবা তীর্থ, মান্ডি হাউস, লোক কল্যাণ মার্গ, আইএনএ, চাওরি বাজার, রামকৃষ্ণ আশ্রম মার্গ ও নিউ দিল্লি।

তবে রাজীব চক, মান্ডি হাউস, নিউ দিল্লি ও সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে লাইন পরিবর্তন বা ইন্টারচেঞ্জের সুবিধা চালু রাখা হয়েছে।

যন্তর মন্তরের বিক্ষোভকে ঘিরে দিল্লির গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে এবং যানবাহন চলাচলে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে।