tanaka
প্রচ্ছদসারাদেশময়মনসিংহে মধ্যরাতে পার্কিং করা কাভার্ডভ্যানে আগুন

ময়মনসিংহে মধ্যরাতে পার্কিং করা কাভার্ডভ্যানে আগুন

ময়মনসিংহ নগরীতে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি কাভার্ডভ্যানে আগুন লেগেছে। শুক্রবার (১৫ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে আকুয়া বাইপাস সড়কের পাশে রাখা গাড়িটিতে এ অগ্নিকাণ্ড ঘটে।

ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রতিদিনের মতো গাড়ির চালক সড়কের পাশে কাভার্ডভ্যানটি পার্কিং করে রেখে যান। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ গাড়ির সিটের দিকে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে থাকলে স্থানীয়রা নেভানোর চেষ্টা চালান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়, তবে তার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, গাড়ির ইঞ্জিন বন্ধ থাকা অবস্থায় আগুন লাগার কারণে এটি কেউ ইচ্ছাকৃতভাবে লাগিয়েছে—এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আবার সিগারেটের আগুন থেকেও সিটে আগুন ধরে যেতে পারে।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় কাভার্ডভ্যান চালক নিকটস্থ স্থানে ঘুমিয়ে ছিলেন। মানুষের চিৎকার শুনে বাইরে এসে তিনি দেখেন তার গাড়িতে আগুন জ্বলছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে—তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে এটি নাশকতার ঘটনা বলে মনে হয়নি। যান্ত্রিক ত্রুটির কারণেই আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবুও বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চলছে।