tanaka
প্রচ্ছদসারাদেশ‘ডিসেম্বরে জীবন-মরণ বাজি’, আওয়ামী লীগ নেতাদের বার্তা পাঠানোর অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

‘ডিসেম্বরে জীবন-মরণ বাজি’, আওয়ামী লীগ নেতাদের বার্তা পাঠানোর অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

‘আসসালামু আলাইকুম স্যার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্যার, শুভ কামনা। রক্তের শেষ বিন্দু পর্যন্ত জয় বাংলার স্লোগান দিয়ে যাব। স্যার, ডিসেম্বরে জীবন-মরণ বাজি। জনগণ মৌমাছির মতো নামবে মাঠে।’

গত ৮ নভেম্বর রাতে হোয়াটসঅ্যাপে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক পলাতক নেতার কাছে এমন বার্তা পাঠানোর অভিযোগ উঠেছে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার (এসপি) জাহাংগীর আলমের বিরুদ্ধে। রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা মামলার এজাহারে তাঁর পাঠানো একাধিক বার্তার বিবরণ উল্লেখ করা হয়েছে।

গত শনিবার (১৪ নভেম্বর) রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ মডেল থানায় তাঁর বিরুদ্ধে মামলাটি করেন রেঞ্জ রিজার্ভ ফোর্সের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবুল কাসেম চৌধুরী। এজাহার অনুযায়ী, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এসপি জাহাংগীর। আগামী ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে তিনি বিভিন্ন বার্তাও পাঠিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, গত ৮ নভেম্বর রাত ৯টা ২৩ মিনিটে নিজের মুঠোফোনের হোয়াটসঅ্যাপ থেকে আওয়ামী লীগের একাধিক পলাতক নেতার কাছে ইংরেজিতে একটি বার্তা পাঠান জাহাংগীর আলম। সেখানে তিনি লেখেন, ‘স্যার, আপনার জন্য শুভকামনা। ইনশা আল্লাহ, ডিসেম্বরে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যাবে। ভালো থাকবেন স্যার।’

এর ৩৪ মিনিট পর রাত ৯টা ৫৭ মিনিটে পাঠানো আরেকটি বার্তায় তিনি লেখেন, ‘১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমার বাবার নির্দেশে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি ছোট থাকাকালেও রাজপথে নেমেছিলাম স্যার। বাংলাদেশকে উদ্ধার করতে হবে স্যার।’

এজাহারে বাদী উল্লেখ করেন, এসপি জাহাংগীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রের নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও সাংবিধানিক শাসনব্যবস্থার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে কিছু তথ্য ও ডিজিটাল আলামত পাওয়া গেছে। তাঁর অভিযোগ, জাহাংগীর টেলিগ্রাম গ্রুপ ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতা এবং তাঁদের মদদদাতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। তাঁদের সহায়তায় বর্তমান সরকার ও রাষ্ট্রব্যবস্থাকে উৎখাত করে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রে যুক্ত ছিলেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জাহাংগীর আলমের স্ত্রী মাসুমা আক্তার। তাঁর দাবি, ষড়যন্ত্র করে তাঁর স্বামীকে মামলায় ফাঁসানো হয়েছে। আদালতে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার স্বামী নির্দোষ। তাঁর মুঠোফোন হ্যাক করে কেউ একজন এসব করেছেন। আমার স্বামী কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।’

এর আগে শনিবার রাতে চট্টগ্রাম নগরের পুলিশ অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করে নগর পুলিশের বিশেষ ইউনিটের একটি দল। গ্রেপ্তারের আগে একই রাতে পাঁচলাইশ থানায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।

মামলার বাদী এএসপি মো. আবুল কাসেম চৌধুরী রোববার রাত ৮টার দিকে দেশ রূপান্তরকে বলেন, ‘এসপি জাহাংগীর আলম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে রাষ্ট্রের স্থিতিশীলতা বিঘ্নিত করার ষড়যন্ত্র করছেন। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।’

এজাহার অনুযায়ী, রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করার জন্য গত শনিবার চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়। অনুমোদন পাওয়ার পর ওই রাতেই পাঁচলাইশ মডেল থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। এর আগে গত মঙ্গলবার জাহাংগীর আলমের ব্যক্তিগত ও সরকারি দুটি মুঠোফোন জব্দ করে তাঁকে নজরদারিতে রাখে পুলিশ।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, এসপি জাহাংগীরের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক অনুসন্ধান শেষে পুলিশ সদর দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। এখন প্রচলিত আইন অনুযায়ী বিভাগীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে। তাঁকে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা করার বিষয়টিও প্রক্রিয়াধীন।

পুলিশের অন্য কোনো কর্মকর্তা এ ধরনের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত কি না, জানতে চাইলে ডিআইজি বলেন, তদন্তে সবকিছু বেরিয়ে আসবে। নিয়মিত মামলার তদন্ত ও বিভাগীয় তদন্ত—দুটি বিষয়ই আলাদাভাবে খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক অনুসন্ধানে যতটুকু সত্যতা পাওয়া গেছে, তার ভিত্তিতেই জাহাংগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তারের পর রোববার বেলা তিনটার দিকে কঠোর পুলিশি নিরাপত্তায় এসপি জাহাংগীর আলমকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক রাসেল মাহমুদ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জাহাংগীর আলম চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার তারপাশা এলাকায়। তিনি ২৮তম বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন।