tanaka
প্রচ্ছদসারাদেশনাজিরপুরে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নাজিরপুরে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুটি দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় বিএনপির এক নেতার বাড়িতেও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে বাড়িটির একটি থাই গ্লাস ভেঙে যায়।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় এলাকায় এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার ডুমুরিয়া এলাকা থেকে আওয়ামী লীগের প্রায় ২৫০ থেকে ৩০০ নেতা-কর্মী মিছিল নিয়ে নাজিরপুরের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড়ে আসেন। একপর্যায়ে তারা মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের বাড়ির সামনে গিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে বাড়ির একটি থাই গ্লাস ভেঙে যায়।

পরে মিছিলকারীরা মোবাইল টাওয়ার মোড়সংলগ্ন বিএনপির একটি দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

একই সময়ে মালিখালী ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের কার্যালয়েও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলাকারীরা কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে বাইরে এনে আগুন ধরিয়ে দেন। এ সময় কার্যালয়ের টিনও কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়।

এ বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত বলেন, নাজিরপুরে পৃথক দুটি স্থানে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা করা হয়েছে।