আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) আজ রোববার (১৬ নভেম্বর) দেশের আরও ১২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে।
আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এবং বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। একই দিন দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবে ইসি।
আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) জামায়াতে ইসলামীসহ আরও ১২টি দলের সঙ্গে সংলাপ হবে। শনিবার (১৫ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান। তিনি জানান, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি এবং বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)-এর সঙ্গে ইসির সংলাপ অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, একই দিন দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সঙ্গে সংলাপ করবে ইসি।
এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে। কমিশনের সঙ্গে নিবন্ধিত অর্ধশতাধিক রাজনৈতিক দলের পর্যায়ক্রমিক সংলাপসূচি আগেভাগেই জানিয়ে দেওয়া হচ্ছে।



