গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের নবগঠিত জেলা কমিটির ৪৯ নেতা একযোগে পদত্যাগ করেছেন। সোমবার (২৭ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. আল আমিন সরদার।
এর আগে রোববার মো. আল আমিন সরদারসহ সদ্য ঘোষিত ৬৩ সদস্যের কমিটির ৪৯ জন নেতা পদত্যাগপত্র ইমেইলের মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা গণঅধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণার পর থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়। নতুন কমিটির সভাপতি মো. আল আমিন সরদার ও সাংগঠনিক সম্পাদক কে. এম. নাজমুল ইসলামের নেতৃত্বে ৬৩ সদস্যের কমিটি অনুমোদনের পর থেকে অধিকাংশ সদস্য প্রক্রিয়াটিকে ‘অন্যায্য ও পক্ষপাতমূলক’ বলে দাবি করেন।
পদত্যাগকারীদের অভিযোগ, কমিটি গঠনের সময় দলের মূলনীতি, যোগ্যতা ও মাঠপর্যায়ের ত্যাগ-তিতিক্ষা বিবেচনায় নেওয়া হয়নি। বরং ব্যক্তিকেন্দ্রিকতা ও স্বজনপ্রীতির মাধ্যমে কমিটি তৈরি করা হয়েছে, যা গণঅধিকার পরিষদের আদর্শ ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “আমরা সবসময় দলের প্রতি অনুগত থেকেছি। তবে যে কমিটিতে আস্থা ও ন্যায়বিচার নেই, সেখানে থেকে দায়িত্ব পালন সম্ভব নয়। তাই আমরা দুঃখের সঙ্গে সম্মিলিতভাবে পদত্যাগ করছি। তবে আমরা গণঅধিকার পরিষদের মূল আদর্শ, নীতি ও গণমানুষের রাজনীতিতে বিশ্বাসী।”
এ বিষয়ে সদ্য পদত্যাগকারী জেলা সভাপতি মো. আল আমিন সরদার বলেন, “৬৩ সদস্যের কমিটি ঘোষণার সময় সাবেক যুবলীগ ও এনসিপি নেতাদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে, অথচ নিবেদিতপ্রাণ কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। এতে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে গভীর ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিভাগীয় উপকমিটির স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির কারণেই আমরা ৪৯ জন নেতা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি গোপালগঞ্জ জেলা শাখার ৬৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়।



