আরেকটি হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
আদালতে উপস্থিত অবস্থায় আতিকুল ইসলাম তার আইনজীবী মোরশেদ হোসেন শাহীনকে জানান, রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বলেন, “রাজনৈতিক কারণে আমাকে টার্গেট করে বারবার মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। আমাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। জেল হাজতে রেখেও অমানবিক আচরণ করা হচ্ছে। সরকার অন্ধকারে রেখে বিচার প্রক্রিয়া চালাচ্ছে।”
তিনি আরও দাবি করেন, তিনি কোনো অপরাধে জড়িত নন। ন্যায়বিচার হলে এসব মামলায় তার সম্পৃক্ততা পাওয়া যাবে না। ব্যবসায়ী হিসেবে সততা ও জনপ্রিয়তার কারণেই তাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছিলেন বলে জানান তিনি।
আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক নজরুল ইসলাম গত ১৯ অক্টোবর আতিকুল ইসলামকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত শুনানির জন্য সোমবার (২৭ অক্টোবর) দিন ধার্য করেন এবং ওইদিন তাকে আদালতে হাজির করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ১৮ জুলাই উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল এলাকার এক সমাবেশে অংশ নিয়েছিলেন ব্যবসায়ী তাজুল ইসলাম। সেদিন বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিতে নিহত হন তিনি। এ ঘটনায় এ বছরের ১২ জুলাই উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন নিহত তাজুল ইসলামের ছেলে রেদোয়ান হোসেন।



