tanaka
প্রচ্ছদখেলাবিশাল জয়ে সিরিজ বাংলাদেশের

বিশাল জয়ে সিরিজ বাংলাদেশের

ঘরের মাঠে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দাপুটে পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। সৌম্য সরকার ও সাইফ হাসানের দুর্দান্ত ফিফটির পর নাসুম আহমেদ ও রিশাদ হোসেনদের ঘূর্ণিঝড়ে ক্যারিবীয়রা গুঁড়িয়ে যায় ১১৭ রানে। ফলে ১৭৯ রানের বিশাল ব্যবধানে জয় পেয়ে ২–১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা।

মিরপুরের গ্যালারি হয়ে থাকে এই ঘূর্ণি উৎসবের সাক্ষী। ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে আবারও সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে এই জয় তার অধিনায়কত্বের প্রথম সাফল্যের মুকুটও এনে দিল।

টস জিতে ব্যাট হাতে ঝড় তোলেন দুই ওপেনার। সৌম্য (৮৬ বলে ৯১) ও সাইফ (৭২ বলে ৮০) প্রথম উইকেটে গড়েন ১৭৬ রানের জুটি—যা ম্যাচের ভিত্তি তৈরি করে দেয়। এরপর হৃদয় (২৮) ও শান্ত (৪৪)-এর অবদান দলকে নিয়ে যায় ২৯৬ রানে।
প্রতিপক্ষের বোলারদের মধ্যে কেবল আকিল হোসেন কিছুটা আলো ছড়ান—১০ ওভারে ৪১ রানে ৪ উইকেট।

কিন্তু ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজের গল্প একেবারেই অন্যরকম। নাসুমের ঘূর্ণিতে ছন্নছাড়া হয়ে পড়ে পুরো লাইনআপ—৬ ওভারে মাত্র ১১ রান দিয়ে নেন ৩ উইকেট। তানভির ইসলাম (২/১৬) ও রিশাদ (৩/৫৪) যোগ দেন সেই ধ্বংসযজ্ঞে। নেতৃত্বে থেকেও নিজের অবদান রাখেন মিরাজ, তুলে নেন ২ উইকেট।
৩০.১ ওভারেই ক্যারিবীয়দের ইনিংস গুটিয়ে যায় ১১৭ রানে; কেবল আকিল হোসেনের ১৫ বলে ২৭ রানের ছোট্ট ইনিংসই কিছুটা প্রতিরোধ গড়ে।

এই ১৭৯ রানের জয় বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয় এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ ব্যবধানের জয় হিসেবে জায়গা করে নিল।