মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের সহজ-সরল ও বন্ধুত্বপূর্ণ আচরণের জন্যও প্রায়ই প্রশংসা পান স্পেনের ১৯ বছর বয়সি ফুটবল তারকা লামিন ইয়ামাল। এবার দুই কিশোরের কাছ থেকে একটি ভালো রেস্তোরাঁর সন্ধান নিয়ে তাদের হাতে দামি হেডফোন তুলে দিয়ে আবারও ভক্তদের নজর কেড়েছেন বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, স্পেনের একটি রাস্তায় নিজের গাড়ি চালাচ্ছিলেন ইয়ামাল। এ সময় রাস্তার পাশে হেঁটে যাওয়া দুই কিশোরকে দেখে গাড়ি থামান তিনি। পরে গাড়ির জানালার কাচ নামিয়ে রাতের খাবার খাওয়ার জন্য শহরের কোনো ভালো, শান্ত ও নিরিবিলি রেস্তোরাঁর খোঁজ জানতে চান।
সামনে প্রিয় তারকাকে দেখে প্রথমে কিছুটা বিস্মিত হয়ে পড়েন দুই কিশোর। তবে দ্রুত নিজেদের সামলে নিয়ে ইয়ামালকে একটি নিরিবিলি রেস্তোরাঁর নাম ও ঠিকানা জানিয়ে দেন তারা।
কিশোরদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য পেয়ে সন্তুষ্ট হন এই স্প্যানিশ ফুটবলার। তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি গাড়ি থেকে একজোড়া হেডফোন বের করে উপহার দেন তিনি। এ সময় ইয়ামাল বলেন, ‘তোমাদের অনেক ধন্যবাদ। তথ্য দেওয়ার বিনিময়ে তোমাদের এই হেডফোনগুলো উপহার দিলাম।’
বিশ্বখ্যাত ফুটবল তারকার কাছ থেকে এমন উপহার পেয়ে আনন্দিত হয়ে পড়েন দুই কিশোর। শুধু উপহার নিয়েই নয়, ইয়ামালের সঙ্গে সেলফি তোলার সুযোগও হাতছাড়া করেননি তারা।
এর আগে স্পেন বিশ্বকাপ জিতলে ১০০ জোড়া বিটস হেডফোন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ইয়ামাল। দুই কিশোরকে হেডফোন দেওয়ার ঘটনাটি তার সেই প্রতিশ্রুতির বিষয়টিও নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।
ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পোস্টটিতে হাজার হাজার লাইক ও মন্তব্য জমা হয়েছে। মাঠের বাইরেও তরুণ এই তারকার এমন আন্তরিকতা ও উদার আচরণ ফুটবলপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে।



