তুরস্কের আনতালিয়ায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে তুরস্কের রাজনৈতিক ও মানবিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যৌথ অংশীদারত্ব জোরদারের বিষয়েও আলোচনা হয়।
জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘের সম্মেলন কপ-৩১ উপলক্ষে বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন শুরুর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আলোচ্য বিষয়গুলো গণমাধ্যমকে জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।
বৈঠকের শুরুতে কপ-৩১ সম্মেলন সফলভাবে আয়োজন করায় তুরস্ক সরকারকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর আগের বৈঠকের কথাও স্মরণ করেন তিনি। ওই বৈঠকের পর বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের ভূমিকা
রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) বাংলাদেশের পক্ষে তুরস্কের অবিচল সমর্থন ও সংহতির জন্য কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য তুরস্কের মাঠপর্যায়ের মানবিক সহায়তার প্রশংসা করেন তিনি।
তারেক রহমান বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করা শুধু বাংলাদেশের একার দায়িত্ব নয়; এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। জাতিসংঘ ও ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন এবং সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক পরিসরে তুরস্কের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রতিরক্ষা ও বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণ
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে প্রতিরক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
এ ক্ষেত্রে পারস্পরিক অংশীদারত্ব বাড়ানোর পাশাপাশি যৌথ বিনিয়োগ ও প্রযুক্তি বিনিময়ের ওপর জোর দেন তিনি।
দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও দুই পক্ষ একমত হয়। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে বাণিজ্য ঘাটতি কমিয়ে পারস্পরিক লাভজনক খাতগুলোতে বিনিয়োগ বাড়ানোর জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে যোগাযোগ এবং আলোচনা জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরেন তারেক রহমান।
তিনি বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ই লাভবান হতে পারে।
জ্বালানি ও জলবায়ু খাতে বিনিয়োগের আহ্বান
বৈঠকে জ্বালানি নিরাপত্তা ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়টিও গুরুত্ব পায়। বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ এবং টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে তুরস্কের সঙ্গে অংশীদারত্ব ফলপ্রসূ হতে পারে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি। সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎসহ সবুজ জ্বালানির বিভিন্ন খাতে তুর্কি বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থানের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন কোনো একক দেশের সমস্যা নয়; এটি বিশ্ববাসীর অভিন্ন সংকট। এ সংকট মোকাবিলায় উন্নত বিশ্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা, পর্যাপ্ত অর্থায়ন এবং আধুনিক প্রযুক্তি হস্তান্তর জরুরি।
কপ-৩১ সম্মেলনের প্রেক্ষাপটে বৈশ্বিক জলবায়ু তহবিল কার্যকর করার ক্ষেত্রেও বাংলাদেশ ও তুরস্ক যৌথভাবে কাজ করতে পারে বলে বৈঠকে মতবিনিময় হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের পক্ষে উচ্চপর্যায়ের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।
বৈঠকে রোহিঙ্গা সংকটের সমাধান থেকে শুরু করে প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশের সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়টি আলোচনায় আসে।



