tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকঅভিশংসন প্রস্তাবকে ‘প্রহসন’ আখ্যা দিলেন হেগসেথ

অভিশংসন প্রস্তাবকে ‘প্রহসন’ আখ্যা দিলেন হেগসেথ

নিজের বিরুদ্ধে মার্কিন কংগ্রেসে উত্থাপিত অভিশংসন প্রস্তাবকে ‘প্রহসন’ ও লোকদেখানো উদ্যোগ বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তার দাবি, এ ধরনের উদ্যোগের মাধ্যমে কংগ্রেসের মূল্যবান সময় নষ্ট করা হচ্ছে; এর পেছনে জবাবদিহির চেয়ে ব্যক্তিগত ক্ষোভ ও অহংবোধই বেশি কাজ করছে।

পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, অসন্তুষ্ট ও পরাজিত একজন কংগ্রেস সদস্যের এই প্রচেষ্টা কোনোভাবেই জবাবদিহি প্রতিষ্ঠার উদ্যোগ নয়।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে রিপাবলিকান কংগ্রেসম্যান টমাস ম্যাসি প্রতিনিধি পরিষদের অধিবেশনে হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের ধারাসংবলিত একটি প্রস্তাব আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেন।

ম্যাসির অভিযোগ, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ৯০ দিনের বেশি সময় ধরে ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে আইন লঙ্ঘন করছেন হেগসেথ।

অভিশংসন প্রস্তাবের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, এটি একটি প্রহসনমূলক ও লোকদেখানো উদ্যোগ। বৈধ সামরিক অভিযান পরিচালনার কারণে এর আগে কোনো যুদ্ধমন্ত্রীকে অভিশংসনের মুখোমুখি হতে হয়নি বলেও দাবি করেন তিনি।

২০১৯ ও ২০২১ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিশংসন প্রস্তাবের প্রসঙ্গ টেনে হেগসেথ বলেন, অতীতেও এ ধরনের রাজনৈতিক নাটক দেখা গেছে। এবারও এই উদ্যোগ সফল হবে না।

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানগুলোর বৈধতা নিয়ে প্রশ্নের জবাবে হেগসেথ বলেন, প্রতিটি অভিযানই আইনসম্মত ছিল। ইরানে সামরিক পদক্ষেপের পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযানেরও প্রশংসা করেন তিনি। হেগসেথের ভাষ্য, মাদুরোকে অপহরণ করা হয়নি; বরং যুক্তরাষ্ট্রের সেরা সেনাসদস্যরা তাকে বিচারের মুখোমুখি করেছেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, অভিশংসন প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া থেকে বিরত রাখতে তিনি ক্যাপিটল হিলে আইনপ্রণেতাদের সঙ্গে ফোনে যোগাযোগ করছেন কি না।

জবাবে হেগসেথ বলেন, প্রতিনিধি পরিষদে রিপাবলিকান সদস্যদের সঙ্গে তার দৃঢ় সম্পর্ক রয়েছে এবং তাদের কাছ থেকে ব্যাপক সমর্থন পাচ্ছেন।