tanaka
প্রচ্ছদজাতীয়ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, নাকি এটি রাজনৈতিক কৌশল?

ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, নাকি এটি রাজনৈতিক কৌশল?

আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্টের জন্য আবেদনও করেছেন তিনি। নির্বাসিত আওয়ামী লীগের কয়েকজন নেতার বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। তবে তার দেশে ফেরার ইচ্ছা থাকলেও আইনি ও রাজনৈতিক পরিস্থিতি সে পথের বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

চলতি সপ্তাহে নতুন পাসপোর্টের আবেদন করার পর শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালিয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ড দেন। ওই অভিযানে আনুমানিক ১ হাজার ৪০০ মানুষের প্রাণহানি হয়েছিল।

শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন অস্থিরতা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এখনো নিষিদ্ধ রয়েছে। দলটির হাজার হাজার নেতাকর্মী কারাগারে আছেন। এমন পরিস্থিতিতে দেশে ফিরলে শেখ হাসিনাকে বিমানবন্দরেই বা দেশে প্রবেশের পরপরই গ্রেফতার করা হতে পারে।

এর আগেও গত আগস্টে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন শেখ হাসিনা। এবার ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতা দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন, আগামী মাসে দেশে ফেরার বিষয়ে তিনি বেশ আশাবাদী। তার প্রত্যাবর্তনের প্রস্তুতি হিসেবে দলের আরও কয়েকজন নেতা ইতোমধ্যে বাংলাদেশে ফিরে এসেছেন বলেও দাবি করেছেন তারা।

সোমবার শেখ হাসিনার পক্ষে একজন ব্রিটিশ আইনজীবী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠান। এতে তার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর অনুরোধ জানানো হয়। দ্রুত এসব নথি সরবরাহের আবেদন জানিয়ে পাঠানো চিঠিটি দ্য গার্ডিয়ানের হাতে এসেছে।

কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের এক নেতা সংবাদমাধ্যমটিকে বলেন, শেখ হাসিনা সত্যিই দেশে ফেরার পরিকল্পনা করছেন বলেই নতুন পাসপোর্টের আবেদন করেছেন। পাসপোর্ট না পেলে দেশে ফেরার বিকল্প ব্যবস্থা হিসেবে তিনি ট্রাভেল পাসের আবেদন করতে পারেন বলেও জানান ওই নেতা।

অন্যদিকে, শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায়ের পর থেকেই তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের ওপর চাপ দিয়ে আসছে সরকার। তবে ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ভারত এখনো বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধে সাড়া দেয়নি। এ নিয়ে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।

চলতি সপ্তাহে বাংলাদেশ সরকার জানিয়েছে, ‘সন্ত্রাসী’ হিসেবে বিবেচিত শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তিই প্রযোজ্য হবে। সে ক্ষেত্রে কেবল গ্রহণযোগ্য বন্দিবিনিময় প্রক্রিয়ার মাধ্যমেই তাকে দেশে ফেরানো সম্ভব।

এ বিষয়ে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়ের মামলার প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম বলেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে নতুন পাসপোর্ট পাওয়ার কোনো আইনি সুযোগ তার নেই। তার ভাষ্য, রায়ের বিরুদ্ধে আপিল করার নির্ধারিত সময়সীমা শেষ হয়ে যাওয়ায় দেশে ফিরলে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড কার্যকরের মুখোমুখি হতে হবে।

তবে আওয়ামী লীগের নির্বাসিত নেতাদের দাবি, দলের সব নেতাই শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে আগ্রহী। তাদের অনেকের বিরুদ্ধে অনুপস্থিতিতে বিভিন্ন মামলায় সাজা দেওয়া হলেও দেশে ফিরে রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে।

দলের এক জ্যেষ্ঠ নেতা বলেন, দেশে ফিরলে তাদের অনেককে কারাগারে যেতে হবে, সেটি তারা জানেন। তারপরও নিজেদের মানুষের কাছে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে চান তারা।

এর আগে গত সেপ্টেম্বরে দেশে ফিরে গ্রেফতার হন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মুস্তাক আহমেদ রুহি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি কথিত হত্যাকাণ্ডের মামলায় বর্তমানে তার বিচার চলছে।

ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা নিয়মিত কলকাতায় বৈঠক করছেন। তাদের কয়েকজনকে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের জন্য দিল্লিতেও ডাকা হয় বলে জানা গেছে।

চলতি সপ্তাহে বার্তা সংস্থা এপিকে ই-মেইলে দেওয়া এক বক্তব্যে শেখ হাসিনা বলেন, ‘মৃত্যুই যদি আমার নিয়তি হয়, তাহলে আমি নিজের দেশের মাটিতে, নিজের মানুষের মধ্যে মরতে চাই।’

পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তার বক্তব্য, শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার বিচার শেষ হয়েছে এবং তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাকে ভারত থেকে ফিরিয়ে আনতে বন্দিবিনিময় চুক্তির আওতায় পদক্ষেপ নিতে চায় বাংলাদেশ।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো সাজাপ্রাপ্ত আসামি কিংবা হত্যাকারীর এ ধরনের আবেদন করার সুযোগ নেই।

তিনি আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে ভারত-বাংলাদেশ বন্দিবিনিময় চুক্তির আওতায় তাকে ফিরতে হবে। শুধু অর্থের বিনিময়ে কোনো লবিস্ট তার পক্ষে কাজ করলে তাদের নৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন উঠবে। বাংলাদেশ ইতোমধ্যে ভারতকে স্পষ্টভাবে জানিয়েছে, চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে।

দেশে ফেরার বক্তব্যকে রাজনৈতিক স্টান্টবাজি বলছে জামায়াত

শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যেও ভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ যুগান্তরকে বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য মূলত রাজনৈতিক স্টান্টবাজি। নিষিদ্ধ আওয়ামী লীগ এ ধরনের প্রচারণার মাধ্যমে কর্মীদের উজ্জীবিত রাখা এবং দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করতে পারে।

তার মতে, ক্ষমতায় থাকাকালে পুলিশ-প্রশাসনসহ রাষ্ট্রের সবকিছুর নিয়ন্ত্রণ হাতে থাকা সত্ত্বেও শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। বর্তমান পরিস্থিতিতে তার দেশে ফেরার মতো শক্তি বা সামর্থ্য রয়েছে বলে তিনি মনে করেন না। ডিসেম্বরকে কেন্দ্র করে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে শেখ হাসিনা ফিরতে চাইলে সাধারণ মানুষই প্রতিরোধ গড়ে তুলবে বলে দাবি করেন জামায়াতের এই নেতা।

আওয়ামী লীগের প্রচারণা বলে মন্তব্য বিএনপি নেতার

এদিকে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল যুগান্তরকে বলেন, গণঅভ্যুত্থানের মুখে সংসদ, মন্ত্রিপরিষদসহ পুরো সরকার দেশ ছেড়ে চলে যাওয়ার পর কোনো অনুশোচনা বা ক্ষমা প্রার্থনা ছাড়াই ফিরে আসার নজির ইতিহাসে নেই।

তার দাবি, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে আওয়ামী লীগের অবশিষ্ট নেতাকর্মীরা শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে নানা প্রচারণা চালাচ্ছেন। তবে সাধারণ মানুষ এসব কথায় গুরুত্ব দিচ্ছে না। আলালের ভাষ্য, শেখ হাসিনার সাহস ও শক্তির মূল ভিত্তি ছিল ক্ষমতাকেন্দ্রিক যে কাঠামো, তা এখন আর বিদ্যমান নেই।