tanaka
প্রচ্ছদখেলাআইপিএল নিলামে নাম নিবন্ধন করলেন মোস্তাফিজসহ বাংলাদেশের একাধিক ক্রিকেটার

আইপিএল নিলামে নাম নিবন্ধন করলেন মোস্তাফিজসহ বাংলাদেশের একাধিক ক্রিকেটার

গত আইপিএল আসরে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত দল থেকে বাদ দেওয়া হয় বাঁহাতি এই পেসারকে।

মোস্তাফিজকে ঘিরে ওই ঘটনার পর দুই দেশের সম্পর্কের টানাপোড়েন আরও বেড়ে যায়। এর প্রভাব পড়ে ক্রিকেট অঙ্গনেও। বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করা হয়। একই সঙ্গে ভারতে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে তৎকালীন অন্তর্বর্তী সরকার টি-টোয়েন্টি বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয়।

এবার নতুন আইপিএল আসরকে সামনে রেখে আবারও নিলামে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মোস্তাফিজ। আসন্ন মিনি নিলামের জন্য ইতোমধ্যে নিজের নাম নিবন্ধন করেছেন তিনি। আগামী ১৬ ডিসেম্বর ভারতে অনুষ্ঠিত হবে খেলোয়াড় কেনাবেচার এই আয়োজন।

নিলামের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মোস্তাফিজ ছাড়াও এবার নিলামে নাম জমা দিয়েছেন পেসার হাসান মাহমুদ, নাহিদ রানা এবং লেগ স্পিনার রিশাদ হোসেন। এ ছাড়া বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটার নিলামে অংশ নেওয়ার আগ্রহ দেখিয়েছেন।

নিয়ম অনুযায়ী, আসন্ন আইপিএল নিলামে বাংলাদেশ থেকে সর্বোচ্চ ১৩ জন ক্রিকেটার নিবন্ধনের সুযোগ পাবেন। এর আগে গত আসরের চূড়ান্ত নিলাম তালিকায় বাংলাদেশের সাতজন ক্রিকেটারের নাম থাকলেও শেষ পর্যন্ত দল পাওয়ার সুযোগ হয়েছিল শুধু মোস্তাফিজুর রহমানের।