‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ করেছেন রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (১৩ অক্টোবর) সকালে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। এতে সচিবালয় অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। শিক্ষার্থীদের অগ্রসর হওয়া ঠেকাতে পুলিশ সেখানে ব্যারিকেড দেয়।
সকাল ১১টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শতাধিক শিক্ষার্থী প্রথমে অবস্থান নেয়। পরে অন্যান্য কলেজের শিক্ষার্থীরাও বিক্ষোভে যোগ দেন। অংশগ্রহণ করেন নারী শিক্ষার্থীরাও।
বিক্ষোভকারীরা ‘অধ্যাদেশ নিয়ে টালবাহানা, চলবে না’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না’ ইত্যাদি স্লোগান দেন।
শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জিসান বলেন, “সরকার সাত কলেজ একত্র করে সেন্ট্রাল ইউনিভার্সিটি করার ঘোষণা দিলেও এখনো আইন বা অধ্যাদেশ জারি করা হয়নি। আমরা আজই অধ্যাদেশ চাই, না হলে আরও কঠোর কর্মসূচি আসবে।”
উল্লেখ্য, গত ২৬ মার্চ সরকার সাতটি সরকারি কলেজকে একত্র করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত এ বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত রয়েছে—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।



