tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদরাজনীতিবিতর্কিত মুক্তিযোদ্ধারা পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচালের অপচেষ্টা করছে: আমান

বিতর্কিত মুক্তিযোদ্ধারা পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচালের অপচেষ্টা করছে: আমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান অভিযোগ করেছেন, স্বাধীনতা যুদ্ধের সময় যাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল, তারা এখন প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির নামে আগামী জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত।

সোমবার (১৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সভাটি ডেমোক্রেটিক লীগ-ডিএল-এর সাবেক সাধারণ সম্পাদক এবং ’৯০-এর ছাত্র গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক সাইফউদ্দিন আহমেদ মনি’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়।

আমান বলেন, “নির্বাচন বন্ধ করা যাবে না। বাংলাদেশে নির্বাচন হবেই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন—২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশগ্রহণ করবেন এবং প্রচারণাতেও সক্রিয় থাকবেন।”

তিনি আরও বলেন, “বায়ান্নর ভাষা আন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থান, ’৭১-এর মুক্তিযুদ্ধ এবং ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন—এসব প্রতিটি রাজনৈতিক সঙ্কটের সমাধান হয়েছে রাজপথেই। এবারও আন্দোলনের মাধ্যমে জনগণই ঠিক করবে, দেশ কোন পথে যাবে।”

নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চলছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, “বর্তমানে একটি মহল নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিত করতে নানা চক্রান্তে লিপ্ত রয়েছে। বিশেষ করে বিএনপির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত কটুক্তি ও অপপ্রচার চালানো হচ্ছে।”

তিনি আরও অভিযোগ করেন, “তিনবারের প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডারের সহধর্মিণী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে। আওয়ামী লীগের নেতারা চিকিৎসার জন্য বিদেশে যেতে পারলেও, তাকে সে সুযোগ দেওয়া হয়নি। বরং তাকে পরিকল্পিতভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে।”

স্মরণসভায় প্রয়াত ছাত্রনেতা সাইফউদ্দিন মনির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমান বলেন, “মনি ভাই ছিলেন নির্ভীক, সৎ ও নিষ্কলুষ রাজনীতিবিদ। নব্বইয়ের ডাকসু নেতারা শিগগিরই তাঁর কবরে গিয়ে শ্রদ্ধা জানাবেন। পাশাপাশি, তাঁর নামে একটি রাস্তার নামকরণ করার উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “মনি ভাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং জবাবদিহিমূলক সরকার গঠনের স্বপ্ন দেখতেন। আমরা তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নে লড়াই চালিয়ে যাচ্ছি।”

সভায় সভাপতিত্ব করেন ডেমোক্রেটিক লীগ-ডিএল-এর সহসভাপতি মো. মাহবুব আলম। আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপির যুগ্ম-মহাসচিব ও সাবেক সংসদ সদস্য খায়রুল কবীর খোকন, অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম লিটনসহ ’৯০-এর ছাত্রনেতারা এবং সমমনা রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেমোক্রেটিক লীগ-ডিএল-এর সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস।