যুদ্ধবিরতি কার্যকর থাকলেও এখনো আতঙ্ক, উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন গাজাবাসী। ইসরায়েলের স্থল অভিযানের কারণে যেসব ফিলিস্তিনি জোরপূর্বক গাজা শহর ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে বহু মানুষ আবার ফিরতে শুরু করেছেন। দুই বছরেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে গোটা গাজা এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
গাজায় ফিরে আসা অনেকেই জানিয়েছেন, তারা জানেন যে তারা এক বিপর্যস্ত, মানবিক সহায়তাবিহীন এলাকায় ফিরছেন। তবুও, তারা নিজেদের পরিচিত জনপদে, পরিবার-পরিজনের পাশে থাকতে চান। তাদের কথায় উঠে এসেছে, সবকিছুর অভাব থাকা সত্ত্বেও তারা বেঁচে থাকার লড়াই চালিয়ে যাবেন।
এদিকে, এখনো বহু মানুষ গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে আটকে আছেন। তাদের ভাষ্যে উঠে এসেছে, পালিয়ে যাওয়ার মতো নিরাপদ কোনো গন্তব্য নেই। আশ্রয়ের কোনো বিকল্পও নেই। অন্তত তারা সেখানে কিছুটা মানবিক সহায়তা পাচ্ছেন। তবে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে তাদের উদ্বেগ স্পষ্ট।
অনেকে আশঙ্কা করছেন, ইসরায়েল হয়তো জিম্মি মুক্তির বিষয়টি নিশ্চিত হওয়ার পর এই যুদ্ধবিরতির শর্ত মানা থেকে সরে আসতে পারে। ফলে তারা একটি দীর্ঘস্থায়ী ও টেকসই যুদ্ধবিরতির ব্যাপারে সংশয়ে রয়েছেন।
এদিকে, ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার খবরে বলা হয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসের মায়েন এলাকায় ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। ঘটনার বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
গাজায় চলমান সংঘাতে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ৬৭ হাজার ৮০৬ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন অন্তত ১ লাখ ৭০ হাজার ৬৬ জন।



