tanaka
প্রচ্ছদশিক্ষাঙ্গনছাত্রদলের দাবির মুখে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কার্যক্রম স্থগিত

ছাত্রদলের দাবির মুখে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কার্যক্রম স্থগিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের প্রকাশিত ক্রোড়পত্রে স্বাধীনতার ঘোষণা ও বিভিন্ন ঐতিহাসিক ঘটনা নিয়ে তথ্য বিকৃতির অভিযোগ উঠেছে। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ফ্যাসিস্ট’ হিসেবে উল্লেখ না করার অভিযোগে সংগঠনটির নেতাদের অবরুদ্ধ করে রাখেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে ছাত্রদলের দাবির মুখে জরুরি কার্যনির্বাহী কমিটির সভা করে সংগঠনটির কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেয় শিক্ষক ফোরাম।

শনিবার (২৮ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক গোলাম ছাদিক।

এর আগে শনিবার সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। ছাত্রদলের অভিযোগ, অনুষ্ঠানে প্রকাশিত ক্রোড়পত্রে শেখ হাসিনার নামের আগে ‘ফ্যাসিস্ট’ শব্দটি ব্যবহার করা হয়নি। এ ছাড়া ২০০৬ সালের লগি-বৈঠার আন্দোলনের সহিংসতাকে ‘অভিযোগ’ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার বিষয়টিও বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

এসব অভিযোগের প্রতিবাদে আলোচনা সভা বর্জন করে ছাত্রদল। সভা শেষে শিক্ষকরা বিশ্ববিদ্যালয় ক্লাব ভবন জুবেরীতে গেলে ভবনের সামনে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ক্রোড়পত্র তৈরির সঙ্গে জড়িত শিক্ষকদের বহিষ্কার এবং শিক্ষক ফোরামের কার্যক্রম স্থগিতসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন তারা।

একপর্যায়ে ছাত্রদলের দাবির মুখে জরুরি কার্যনির্বাহী কমিটির সভা করে শিক্ষক ফোরাম। সভায় সংগঠনটির কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী যুগান্তরকে বলেন, ‘ক্রোড়পত্রে ১৯৭১ সালের ২৭ মার্চ শেখ মুজিবুর রহমানের নির্দেশে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সেখানে ২৬ মার্চের প্রেক্ষাপট কৌশলে আড়াল করা হয়েছে। ২০০৬ সালের লগি-বৈঠার তাণ্ডবকেও তারা অভিযোগ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন।’

তিনি আরও বলেন, ‘যারা লেখার সঙ্গে জড়িত, তাদের জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে এবং সাংগঠনিক কার্যক্রম স্থগিত করতে হবে। জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বর্তমান কমিটি পুনর্গঠন করে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেন—এমন শিক্ষকদের নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে। ততদিন পর্যন্ত ফোরামের নামে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না।’

অন্যদিকে, ক্রোড়পত্রে ভুল তথ্য প্রকাশের বিষয়টি স্বীকার করেছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক সাবিরুজ্জামান। তিনি বলেন, ‘আমাদের মূল স্ক্রিপ্টে যে তথ্যগুলো ছিল, সেগুলো প্রকাশের আগে কমিটির মাধ্যমে যাচাই করা হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে চূড়ান্ত প্রকাশনার সময় কিছু ভুল তথ্য প্রকাশিত হয়েছে।’

শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক গোলাম ছাদিক বলেন, ‘আমাদের ক্রোড়পত্রে কিছু বিভ্রাট ছিল। এ জন্য আমরা দুঃখও প্রকাশ করেছি। তারপরও তাদের দাবির মুখে জরুরি কার্যনির্বাহী সভা করে কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিতে হয়েছে। আমরা দুঃখ প্রকাশ এবং লেখার দায়িত্বে থাকা শিক্ষকদের বহিষ্কারের নিশ্চয়তা দেওয়ার পরও কেন সংগঠন বিলুপ্তির দাবি করা হলো, তা আমার কাছে পরিষ্কার নয়।’