tanaka
প্রচ্ছদশিক্ষাঙ্গনগোপালগঞ্জে হচ্ছে না এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা, কেন্দ্র সরানো হলো দুই জেলায়

গোপালগঞ্জে হচ্ছে না এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা, কেন্দ্র সরানো হলো দুই জেলায়

২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা গোপালগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে না। জেলার পাঁচটি পরীক্ষাকেন্দ্রের পরীক্ষার্থীদের জন্য পার্শ্ববর্তী মাদারীপুর ও ফরিদপুরে বিকল্প কেন্দ্র নির্ধারণ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

রোববার (২৯ নভেম্বর) বোর্ডের এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলায় পরীক্ষা গ্রহণের অনুকূল পরিবেশ না থাকায় পাঁচটি কেন্দ্রের পরীক্ষা অন্য জেলায় স্থানান্তর করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাদারীপুরের রাজৈর উপজেলা এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, গোপালগঞ্জ সরকারি কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে মাদারীপুরের রাজৈর সরকারি রাজৈর গোপালগঞ্জ কলেজিয়েট যুবক সংঘ পাইলট মডেল ইনস্টিটিউশন অ্যান্ড কলেজে।

কাশিয়ানীর রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজের পরীক্ষার্থীদের কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজে।

অন্যদিকে, কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে রাজৈর সরকারি রাজৈর কলেজে। টুঙ্গিপাড়া ও মুকসুদপুর সরকারি কলেজের পরীক্ষার্থীদের জন্য কেন্দ্র নির্ধারণ করা হয়েছে শহীদ সরদার শাহজাহান উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে।

পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।