প্রথম শ্রেণিতে ভর্তির ডিজিটাল লটারিতে একটি জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে একাধিক আবেদন করা যাবে। শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রকাশিত পরিপত্রে এ বিষয়ে কোনো নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধতা রাখা হয়নি। তবে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের সুযোগ থাকবে।
প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তির সময়সূচি প্রকাশের পর থেকেই একাধিক আবেদন নিয়ে অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, এবার একটি জন্মনিবন্ধন নম্বর দিয়ে বেসরকারি স্কুলে মাত্র একবারই আবেদন করা যাবে। ওই আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দ করা যাবে বলেও প্রচার করা হচ্ছে।
তবে গত ১০ নভেম্বর প্রকাশিত শিক্ষার্থী ভর্তি নীতিমালা পর্যালোচনায় দেখা যায়, একটি জন্মনিবন্ধন নম্বর দিয়ে একাধিক আবেদন করার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অসমর্থিত তথ্যে বিভ্রান্ত না হয়ে সরকারি নীতিমালা ও প্রকাশিত নির্দেশিকা অনুসরণের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভর্তি নীতিমালায় কী বলা হয়েছে
মাউশির পরিপত্রের ২ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, প্রথম শ্রেণিতে ভর্তির আবেদনের ক্ষেত্রে প্রার্থীরা প্রাপ্যতা অনুযায়ী প্রতিটি আবেদনে পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় নির্বাচন করতে পারবে। দুই শিফটে পরিচালিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে তা দুটি পৃথক পছন্দক্রম হিসেবে গণ্য হবে। তবে একই বিদ্যালয় বা শিফট দ্বিতীয়বার পছন্দের তালিকায় রাখা যাবে না।
এখানে পরিপত্রে ‘প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয়’ নির্বাচনের কথা বলা হয়েছে। অর্থাৎ, পাঁচটি বিদ্যালয় পছন্দ করার সীমা প্রতিটি আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য; একজন শিক্ষার্থীর মোট আবেদনের সংখ্যার ক্ষেত্রে নয়।
শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা কিংবা মাউশির পরিপত্রে একটি জন্মনিবন্ধন নম্বর দিয়ে মাত্র একটি আবেদন করার বাধ্যবাধকতা উল্লেখ নেই। ফলে একাধিক আবেদন করার ক্ষেত্রে নীতিমালাগত কোনো বাধা নেই।
একাধিক আবেদন না থাকলে বাড়তে পারে প্রতিযোগিতা
রাজধানীর জনপ্রিয় বিদ্যালয়গুলোতে প্রতিবছরই ভর্তির চাহিদা বেশি থাকে। একজন শিক্ষার্থীকে মাত্র একটি আবেদনের সুযোগ দেওয়া হলে অধিকাংশ অভিভাবক জনপ্রিয় কয়েকটি বিদ্যালয়কেই পছন্দের তালিকায় রাখার চেষ্টা করবেন। এতে তুলনামূলক কম চাহিদাসম্পন্ন বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী সংকট তৈরির আশঙ্কা রয়েছে।
উদাহরণ হিসেবে, কোনো অভিভাবক তাঁর মেয়ের জন্য ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দুটি করে শিফট পছন্দ করলে চারটি পছন্দক্রম পূর্ণ হয়ে যাবে। এরপর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ কিংবা মতিঝিল মডেল স্কুলের মতো অন্য কোনো বিদ্যালয় পছন্দের সুযোগ থাকবে মাত্র একটি।
এ ধরনের সীমাবদ্ধতা থাকলে জনপ্রিয় বিদ্যালয়গুলোতে ভর্তির প্রতিযোগিতা আরও বাড়তে পারে। একই সঙ্গে রাজধানীর তুলনামূলক কম চাহিদাসম্পন্ন অনেক বিদ্যালয়ে আসন খালি থাকার আশঙ্কাও তৈরি হবে।
এ ছাড়া ভর্তি নীতিমালার ৮.১ অনুচ্ছেদে ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার পাশাপাশি সমসংখ্যক শিক্ষার্থীর অপেক্ষমাণ তালিকা প্রস্তুত রাখার নির্দেশনা রয়েছে। আবেদনের সুযোগ সীমিত করা হলে কম চাহিদাসম্পন্ন বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত আবেদন না পড়ার কারণে অপেক্ষমাণ তালিকা তৈরিতেও জটিলতা দেখা দিতে পারে।
আবেদন শুরু ১ ডিসেম্বর
মাউশির প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর প্রথম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। এরপর ১৫ ডিসেম্বর ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
ভর্তির আবেদন ও এ-সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা পাওয়া যাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dshe.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইটে (www.teletalk.com.bd)।



