উড়ন্ত গাড়ির ধারণাকে বাস্তবে রূপ দিতে বড় অগ্রগতি অর্জন করেছে চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেং এবং এর সহযোগী প্রতিষ্ঠান অ্যারিজ। প্রতিষ্ঠানটির উদ্ভাবিত ‘ল্যান্ড এয়ারক্রাফট ক্যারিয়ার’ নামের উড়ন্ত গাড়িটি ২০২৭ সালে ব্যাপক উৎপাদনে যাওয়ার পরিকল্পনা রয়েছে। একই বছরের দ্বিতীয়ার্ধে এটি বাণিজ্যিকভাবে বাজারে ছাড়ার লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
২০২৫ সালে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এআই দিবসে প্রথমবারের মতো অ্যারিজ প্রকল্পের ঘোষণা দেওয়া হয়। শুরুতে ভবিষ্যৎ প্রযুক্তির ধারণা মনে হলেও ২০২৬ সালের এআই দিবস এবং নভেম্বরের শেষ দিকে প্রতিষ্ঠানটির সদর দপ্তর পরিদর্শনের পর এর বাস্তব প্রয়োগের সম্ভাবনা আরও স্পষ্ট হয়েছে বলে বিজিআরের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ল্যান্ড এয়ারক্রাফট ক্যারিয়ার মূলত দুটি সমন্বিত অংশ নিয়ে তৈরি। এর একটি মাটিতে চলাচলের জন্য ট্রাকসদৃশ বৈদ্যুতিক গাড়ি এবং অন্যটি পেছনের অংশে ভাঁজ করে রাখা ছোট হেলিকপ্টারের মতো বৈদ্যুতিক উড়োজাহাজ। গাড়িটি একই সঙ্গে ভ্রাম্যমাণ হ্যাঙ্গার ও চার্জিং স্টেশন হিসেবে কাজ করবে।
প্রচলিত উড়োজাহাজের মতো এ যান পরিচালনার জন্য আলাদা রানওয়ে বা স্থায়ী হ্যাঙ্গারের প্রয়োজন হবে না। ব্যবহারকারী গাড়িটি চালিয়ে পছন্দের স্থানে নিয়ে যেতে পারবেন। এরপর গাড়ির পেছনে সংরক্ষিত উড়োজাহাজটি আলাদা করে সেখান থেকেই উড্ডয়ন করানো যাবে। প্রতিষ্ঠানটির সদর দপ্তরে পরীক্ষামূলক প্রদর্শনের সময় চালকসহ উড়োজাহাজটিকে প্রায় পাঁচ মিনিট আকাশে উড়তে দেখা গেছে।
উড়ন্ত অংশটির অন্যতম বৈশিষ্ট্য হলো ইভিটিওএল (eVTOL) প্রযুক্তি। এর মাধ্যমে কোনো রানওয়ে ছাড়াই খাড়াভাবে উড্ডয়ন ও অবতরণ করা সম্ভব। ফলে প্রচলিত বিমানবন্দর অবকাঠামোর ওপর নির্ভরশীলতা কমিয়ে নির্দিষ্ট উপযুক্ত স্থান থেকেই এটি পরিচালনা করা যাবে।
চালনার ক্ষেত্রেও প্রচলিত হেলিকপ্টারের তুলনায় সহজ নিয়ন্ত্রণব্যবস্থা রাখার দাবি করেছে প্রতিষ্ঠানটি। হাত ও পায়ের জটিল সমন্বয়ের পরিবর্তে এতে ব্যবহার করা হয়েছে একটি নিয়ন্ত্রণ দণ্ড, যা অনেকটা ভিডিও গেম খেলার মতো সহজভাবে পরিচালনা করা যায়। পাশাপাশি রয়েছে এআইনির্ভর স্বয়ংক্রিয় উড্ডয়নব্যবস্থা, ম্যানুয়াল নিয়ন্ত্রণ এবং নিরাপদ অবতরণে সহায়তাকারী প্রযুক্তি।
নিরাপত্তার জন্য এতে ক্যামেরা, মনিটর ও লেজারভিত্তিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এসব ব্যবস্থার মাধ্যমে আশপাশের আকাশযান শনাক্ত করে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে সহায়তা করবে যানটি।
ব্যাটারি সক্ষমতার দিক থেকে একবার পূর্ণ চার্জে উড়ন্ত অংশটি সর্বোচ্চ ২০ মিনিট আকাশে থাকতে পারবে। অন্যদিকে, গাড়ির সঙ্গে থাকা চার্জিংব্যবস্থার মাধ্যমে প্রায় ৩০ মিনিটে উড়োজাহাজটি পূর্ণ চার্জ করা যাবে। গাড়ির ব্যাটারি ও চার্জিং সক্ষমতা ব্যবহার করে উড়ন্ত অংশটিকে সর্বোচ্চ ছয়বার পর্যন্ত চার্জ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রতিষ্ঠানটির নির্ধারিত হিসাবে উড়োজাহাজটির সর্বোচ্চ উড্ডয়নসীমা ৮ হাজার ২০০ ফুট। তবে চীনের বর্তমান বিধিনিষেধ অনুযায়ী এটি সর্বোচ্চ ৩৯৪ ফুট উচ্চতায় উড়তে পারবে। ঘণ্টায় সর্বোচ্চ ২৫ মাইল বেগের বাতাসেও স্থিতিশীল থাকার সক্ষমতা রয়েছে বলে দাবি করা হয়েছে।
হার্ডওয়্যারের নকশা চূড়ান্ত পর্যায়ে পৌঁছালেও সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী করতে এখনো বেশ কিছু নিয়ন্ত্রক ও আইনগত বাধা রয়েছে। আকাশযান পরিচালনার অনুমোদন, বাণিজ্যিক পাইলট লাইসেন্স এবং টাইপ সার্টিফিকেশন পাওয়ার জন্য প্রয়োজনীয় উড্ডয়ন পরীক্ষা সম্পন্ন করতে হবে। এসব অনুমোদন ও নিরাপত্তা পরীক্ষার ওপরই নির্ভর করবে বাণিজ্যিকভাবে যানটির ব্যবহার শুরুর সময়।
ল্যান্ড এয়ারক্রাফট ক্যারিয়ারের সম্ভাব্য দাম ধরা হয়েছে প্রায় ৩ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৩ কোটি ৭৭ লাখ টাকা। প্রথমে চীনের বাজারে বাণিজ্যিকভাবে চালুর পরিকল্পনা থাকলেও পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্য এবং ব্রাজিলের মতো আন্তর্জাতিক বাজারেও এটি সম্প্রসারণ করতে চায় প্রতিষ্ঠানটি।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালেই ব্যক্তিগত পরিবহনের ক্ষেত্রে নতুন এক প্রযুক্তির বাণিজ্যিক যাত্রা শুরু হতে পারে। তবে বাস্তবে এর ব্যবহার কতটা সহজলভ্য হবে, তা নির্ভর করবে উৎপাদন খরচ, নিরাপত্তা অনুমোদন এবং সংশ্লিষ্ট দেশগুলোর আকাশপথ ব্যবহারের বিধিমালার ওপর।



