দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে যারা দুর্বল করেছে, তাদের বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনীর অবস্থান একাকার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক র্যালির উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ৭ নভেম্বর মতপ্রকাশের স্বাধীনতার দিন। এ দিন প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনী ও জনগণের অপরিসীম অবদান রয়েছে।
স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তোলার ক্ষেত্রে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূমিকার কথা তুলে ধরেন তিনি। রিজভী বলেন, বর্তমানে তারেক রহমানও সেই ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যাচ্ছেন।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তিনি এমন একটি আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলেছিলেন, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালন করছে।
রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি ইঙ্গিত করে রিজভী বলেন, পরাজিত শক্তি, যারা অন্যের পদতলে আত্মসমর্পণ করে কাজ করে, তাদের এ দেশের মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্বের আকাঙ্ক্ষার বিষয়টি মনে রাখতে হবে।
তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছেন এবং তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।
র্যালিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, সদস্যসচিব ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন।
এ ছাড়া যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সহসভাপতি জিয়াউর রহমান জিয়া ও কামাল আনোয়ার আহমেদ, কার্যনির্বাহী কমিটির সদস্য এবিএম মহসিন বিশ্বাস এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন কর্মসূচিতে অংশ নেন।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সহসভাপতি ফখরুল ইসলাম রবিন ও ডা. জাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, বর্তমান কমিটির সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. হুমায়ুন কবিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন।



