ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ভেজাল ও বিষাক্ত মদ পান করে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন আরও ১৮০ জনের বেশি মানুষ। তাদের রাজ্যের দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং। পাশাপাশি জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী জানান, গত ৪৮ ঘণ্টায় বিষাক্ত মদ পানে মৃত্যুর সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে সুগনু শহরে গত এক সপ্তাহে মদ পান করেছেন—এমন ব্যক্তিদের দ্রুত স্বাস্থ্য পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে অপরিচিত বা অনির্ভরযোগ্য উৎস থেকে সংগ্রহ করা মদ পান না করার আহ্বান জানানো হয়েছে।
ভারতে নিম্ন আয়ের মানুষের মধ্যে তুলনামূলক কম দামের অবৈধ মদের চাহিদা থাকায় অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফার আশায় এসব পানীয়তে মিথানল কিংবা ব্যাটারির অ্যাসিডের মতো প্রাণঘাতী রাসায়নিক মিশিয়ে থাকে। এসব উপাদান মানুষের শরীরে মারাত্মক বিষক্রিয়া সৃষ্টি করতে পারে।
এর আগেও ভারতে বিষাক্ত মদ পানে প্রাণহানির ঘটনা ঘটেছে। ২০২০ সালে পাঞ্জাব রাজ্যে ভেজাল মদ পান করে অন্তত ১২০ জনের মৃত্যু হয়েছিল।



