tanaka
প্রচ্ছদজাতীয়বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়াতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়াতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা ও সামরিক অংশীদারত্ব আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দুই দেশের সামরিক যোগাযোগ অব্যাহত রেখে অবাধ ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করতে চায় দেশটি।

বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় এ আগ্রহের কথা জানিয়েছে মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস বার্তাটি প্রচার করে।

বার্তায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবসের শুভেচ্ছা জানিয়ে ২০২৬ সালে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ক্রমবর্ধমান যোগাযোগ ও সহযোগিতার বিষয়টি তুলে ধরা হয়। এ ক্ষেত্রে দুই দেশের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সফর, ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (ল্যানপ্যাক) সিম্পোজিয়াম এবং ‘টাইগার লাইটনিং’ সামরিক মহড়াকে গুরুত্বপূর্ণ সহযোগিতার ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়েছে।

মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড জানায়, ২০২৬ সালজুড়ে বিভিন্ন পর্যায়ের সামরিক যোগাযোগ ও যৌথ কার্যক্রমের মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। এসব উদ্যোগ দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক উন্নয়ন, পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে অভিন্ন অঙ্গীকারকে সুদৃঢ় করতে ভূমিকা রেখেছে।

বার্তায় আরও বলা হয়, অব্যাহত সহযোগিতা ও অংশীদারত্বের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে সামরিক যোগাযোগ আরও সম্প্রসারণ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। একই সঙ্গে অবাধ ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যেও একসঙ্গে কাজ করতে চায় দেশটি।

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবেই বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা অংশীদারত্বকে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র।

‘জনগণ, অংশীদারত্ব ও বিজয়’—এই মূলমন্ত্রের মধ্য দিয়ে বার্তাটি শেষ করে মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড।