আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। এ বিষয়ে আইনি দিকগুলো পর্যালোচনা করা হচ্ছে জানিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার কোনো বেআইনি পথে এগোতে চায় না। আইন অনুযায়ী যে প্রক্রিয়ায় পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে, সেভাবেই এগোনো হবে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আইনমন্ত্রী।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়া সরকারের বিবেচনায় রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মো. আসাদুজ্জামান বলেন, ‘আমাদের বিবেচনায় তো আছেই।’
এ বিষয়ে আইনি প্রক্রিয়ায় অগ্রসর হওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আইনিভাবে। আমরা বেআইনি কোনো পথ ধরে হাঁটতে চাই না।’ কী প্রক্রিয়ায় এ উদ্যোগ নেওয়া হবে, তা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘সময় বলে দেবে।’
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বিচারপ্রক্রিয়া প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, একজনের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের পক্ষে তিনি নন। যেসব আদালতে মামলা হয়েছে এবং যেসব আদালতের বিচারিক এখতিয়ার রয়েছে, সেখানেই সংশ্লিষ্ট মামলাগুলোর বিচার হবে।
এর আগে জাতীয় জাদুঘরের মিলনায়তনে ‘ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষা বৃত্তি প্রদান-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আইনমন্ত্রী। সেখানে আওয়ামী লীগ সরকারের শাসনামলে হত্যা, গুম ও নির্যাতনের অভিযোগ তুলে ধরেন তিনি।
২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত রাজনৈতিক পরিস্থিতির বর্ণনা দিয়ে মো. আসাদুজ্জামান বলেন, ওই ১৬ বছরে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছে, যেগুলোকে ‘ক্রসফায়ার’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল। এ ছাড়া ৭০০-এর বেশি মানুষকে তুলে নিয়ে গুম করা হয়। তাঁদের অনেকেই এখনো নিখোঁজ রয়েছেন। স্বজনদের ফিরে পাওয়ার অপেক্ষায় এখনো অনেক পরিবার দিন কাটাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
আইনমন্ত্রী বলেন, ‘এরকম একটি রক্তাক্ত পথ পাড়ি দিয়ে আমরা বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের নবযাত্রা শুরু করেছি। ঠিক তখন ন্যূনতম কোনো অনুশোচনাবোধ যাদের নেই, এতগুলো মানুষ হত্যা করে ইতিহাসের জঘন্যতম কলঙ্কজনক অধ্যায় যারা রচনা করেছে, তারা আবার দেখেছেন গোপালগঞ্জে কী তাণ্ডব চালিয়েছে। নড়াইলে আমাদের দুজন সহযোদ্ধাকে হত্যা করেছে।’
আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি আরও বলেন, এত মানুষের প্রাণহানির পরও দলটির মধ্যে অনুশোচনার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার ঘটনাও তার উদাহরণ বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ মনে করছে, বর্তমান সরকারও তাদের মতো মিছিলে গুলি চালাবে। তবে সরকার জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। নতুন প্রজন্ম যে গণতন্ত্রের পথ তৈরি করেছে, সেই ধারাবাহিকতায় আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়েই সরকার এগিয়ে যেতে চায়।
অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ও রাজনৈতিক—দুইভাবেই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘যারা এ ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত, আমরা আইনি পথ ধরেই তাদের মোকাবিলা করব। রাজনৈতিকভাবেও মোকাবিলা করব।’



