tanaka
প্রচ্ছদঅন্যান্যহাসিনার কাছে জিম্মি রাখা যাবে না বাংলাদেশের ভারতনীতি: কুগেলম্যান

হাসিনার কাছে জিম্মি রাখা যাবে না বাংলাদেশের ভারতনীতি: কুগেলম্যান

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি ও রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে জটিল হয়ে উঠেছে। তবে দুই দেশের সম্পর্ককে শেখ হাসিনার কাছে জিম্মি করে রাখা উচিত নয় বলে মনে করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান। তাঁর মতে, এ পরিস্থিতি তৈরির পেছনে শেখ হাসিনার পাশাপাশি ভারত সরকারেরও ভূমিকা রয়েছে।

ইংরেজি সংবাদমাধ্যম ডেইলি ওয়াদাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন কুগেলম্যান। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহের ইঙ্গিত দিয়েছে ভারত। তবে শেখ হাসিনার ভারতে অবস্থান বাংলাদেশের জন্য পরিস্থিতি জটিল করে তুলেছে। ফলে নয়াদিল্লির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়টি ঢাকার অভ্যন্তরীণ রাজনীতিতে স্পর্শকাতর হয়ে উঠেছে।

কুগেলম্যানের মতে, বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক করতে কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভারতের তুলনায় বাংলাদেশকেই বেশি উদ্যোগী হতে হবে।

এর আগে একই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেছিলেন, শেখ হাসিনাকে বাংলাদেশের ভারতনীতি জিম্মি করার সুযোগ দেওয়া উচিত নয়। এ বিষয়ে মজিনার বক্তব্যের সঙ্গে একমত কি না জানতে চাইলে কুগেলম্যান বলেন, মজিনার বক্তব্য সঠিকভাবে বুঝে থাকলে তিনি তাঁর সঙ্গে কিছুটা একমত। তাঁর ভাষায়, এক অর্থে বাংলাদেশ-ভারত সম্পর্ক শেখ হাসিনার কাছে জিম্মি হয়ে পড়েছে।

তবে এ পরিস্থিতির জন্য শুধু শেখ হাসিনাকে দায়ী করেননি তিনি। কুগেলম্যান বলেন, শেখ হাসিনার পাশাপাশি ভারত সরকারেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নয়াদিল্লি চাইলে শেখ হাসিনাকে ভারতে থাকার সুযোগ দেওয়ার পাশাপাশি তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর বিধিনিষেধ আরোপ করতে পারত। বিশেষ করে প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপের সুযোগ ছিল ভারতের।

শেখ হাসিনা ও তাঁর পরিবারের সঙ্গে সম্পর্কের বাইরে গিয়ে ভারতের বাংলাদেশের সঙ্গে বৃহত্তর পরিসরে সম্পর্ক গড়ে তোলা উচিত কি না—এমন প্রশ্নে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের প্রভাব নিয়ে দীর্ঘদিনের অসন্তোষের বিষয়টি তুলে ধরেন কুগেলম্যান। আলোচনায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে ভারতের সম্পর্কের প্রসঙ্গও আসে।

কুগেলম্যান বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে এমন একটি শক্তিশালী ধারণা রয়েছে যে ভারত দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে এবং বিভিন্ন রাজনৈতিক ঘটনাপ্রবাহকে নিজেদের মতো প্রভাবিত করার চেষ্টা চালায়। বাংলাদেশের মানুষের কাছে এ ধরনের তৎপরতা অস্বাস্থ্যকর, এমনকি পুরোপুরি অনুচিত বলেও বিবেচিত হয়।

তবে বিএনপি ভারতের সঙ্গে গঠনমূলক সম্পর্ক প্রতিষ্ঠায় আগ্রহী বলে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, এ সম্পর্কের ভিত্তি হতে হবে পারস্পরিক সমতা ও মর্যাদা। বাংলাদেশকে কোনোভাবেই ছোট অংশীদার হিসেবে বিবেচনা করা যাবে না। বিএনপি ভারতের সঙ্গে সুসম্পর্ক চায়, তবে তা সমতার ভিত্তিতে হতে হবে।

সাক্ষাৎকারে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আচরণ নিয়ে ভারতের সমালোচনার বিষয়টিও উঠে আসে। বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির উদ্বেগের পাশাপাশি ভারতে মুসলমানদের সঙ্গে আচরণের বিষয়টিও বিবেচনায় নেওয়া উচিত কি না, জানতে চায় ডেইলি ওয়াদা।

জবাবে কুগেলম্যান বলেন, বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি নিয়ে ভারতের অভিযোগ অতিরঞ্জিত। একই সঙ্গে ভারতে মুসলমানদের সঙ্গে কী ধরনের আচরণ করা হচ্ছে, সেটিও বিবেচনায় নেওয়া প্রয়োজন। তাঁর মতে, এ ধরনের অভিযোগ প্রকাশ্যে উত্থাপনের ক্ষেত্রে সংযম দেখালে দুই দেশের মধ্যে উত্তেজনা কমতে পারে। নয়াদিল্লি চাইলে অভিযোগের মাত্রা কমিয়ে অথবা অন্তত প্রকাশ্যে এসব অভিযোগ উত্থাপন থেকে বিরত থেকে সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

সাক্ষাৎকারে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার সম্ভাবনা নিয়েও কথা বলেন এই বিশ্লেষক। তাঁর ধারণা, বারবার দেশে ফেরার ঘোষণা দিলেও বাস্তবে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা নেই। বরং আওয়ামী লীগ সমর্থকদের ঘিরে চলমান অস্থিরতা বিএনপি সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়াতে পারে, যা শেখ হাসিনার স্বার্থে কাজে আসতে পারে।

আগামী বছর বাংলাদেশ অর্থনৈতিক সংকট, জ্বালানি খাতের চাপ এবং ‘হাসিনা ফ্যাক্টর’—এই তিনটি বিষয়কে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার অন্যতম অস্থিতিশীল দেশে পরিণত হতে পারে বলেও সতর্ক করেন কুগেলম্যান।

তবে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের মধ্যে ফেব্রুয়ারির নির্বাচনকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেন তিনি। তাঁর মতে, কয়েক বছরের মধ্যে এটি ছিল বাংলাদেশের প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন। একই সঙ্গে ক্ষমতায় যে দলই থাকুক না কেন, বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকুক—এমন প্রত্যাশার কথা জানান এই বিশ্লেষক।