tanaka
প্রচ্ছদসারাদেশমাঝসাগরে দালালদের বিরুদ্ধে বিদ্রোহ, ট্রলার নিয়ে উপকূলে ফিরলেন ২৮ জিম্মি

মাঝসাগরে দালালদের বিরুদ্ধে বিদ্রোহ, ট্রলার নিয়ে উপকূলে ফিরলেন ২৮ জিম্মি

মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে গভীর সমুদ্রে নিয়ে জিম্মি করে রাখা ২৮ জন যাত্রী দালালচক্রের বিরুদ্ধে বিদ্রোহ করে ট্রলারের নিয়ন্ত্রণ নিয়েছেন। পরে সেই ট্রলার নিয়ে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট এলাকায় উপকূলে ফিরে আসেন তারা। শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ট্রলারটি উপকূলে পৌঁছালে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা তাদের উদ্ধার করেন।

উদ্ধার হওয়া ব্যক্তিদের অভিযোগ, মালয়েশিয়ায় পৌঁছে দেওয়ার কথা বলে কয়েক দিন আগে তাদের ট্রলারে তোলা হয়। পরে গভীর সমুদ্রে নিয়ে জিম্মি করে পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে দালালচক্র। টাকা দিতে না পারায় কয়েকজনকে মারধর করা হয়। এমনকি সাতজনকে সাগরে ফেলে দেওয়ার অভিযোগও করেছেন তারা।

টানা কয়েক দিন সাগরে ভাসমান অবস্থায় নির্যাতনের শিকার হওয়ার পর একপর্যায়ে জিম্মিরা সংঘবদ্ধ হয়ে দালালচক্রের সদস্যদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে দালালদের হটিয়ে ট্রলারের নিয়ন্ত্রণ নিয়ে কক্সবাজারের দিকে রওনা হন তারা।

কক্সবাজার জেলা প্রশাসনের বিচকর্মীরা জানান, শুক্রবার রাত ১০টার দিকে সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্ট এলাকায় মালয়েশিয়াগামী একটি ট্রলার আটকে যায়। ট্রলার থেকে নেমে কয়েকজন পালানোর চেষ্টা করেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যান বিচকর্মী ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। পরে জেলা পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা ট্রলারে তল্লাশি চালিয়ে নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেন। উদ্ধার হওয়াদের মধ্যে ২৪ জন পুরুষ, দুজন নারী ও দুজন শিশু।

উদ্ধার হওয়া ব্যক্তিদের কয়েকজনের দাবি, ট্রলারে থাকা মোট সাতজনকে সাগরে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদ এবং অতিরিক্ত নির্যাতনের জেরে দালালচক্রের সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পরে প্রতিরোধের মুখে দালালচক্রের সদস্যরা পালিয়ে যায়। তাদের দুজনকে আটক করা হলেও পরে তারাও পালিয়ে যান বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

উদ্ধার হওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে মানবপাচার ও অপহরণের নানা ভয়াবহ তথ্য জানা গেছে। তাদের কয়েকজনের স্বজনও থানায় এসে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ করেছেন।

বাড়িতে আটকে রেখে পরে নেওয়া হয় গভীর সমুদ্রে

উখিয়ার কোটবাজার এলাকার রিদুয়ান হোসাইন জানান, দুই বন্ধু ইমন ও ফয়েজ আহমদকে নিয়ে টেকনাফে এক পরিচিত ব্যক্তির কাছে বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানে তাদের একটি ঘরে আটকে রাখা হয়। পরে বুঝতে পারেন, তারা মানবপাচারকারী চক্রের হাতে পড়েছেন।

রিদুয়ান বলেন, আটকে রাখার পর তাদের মুঠোফোন কেড়ে নিয়ে বাইরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। লাঠি, দা ও বিভিন্ন অস্ত্র নিয়ে লোকজন তাদের পাহারা দিত। আট থেকে নয় দিন আটকে রাখার পর এক রাতে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে বালুচরের একটি স্থানে নিয়ে যাওয়া হয় তাদের। সেখানে নারীসহ প্রায় ৪০ জনকে দুটি ছোট নৌকায় তোলা হয়। পরে গভীর সমুদ্রে একটি বড় ট্রলারে নেওয়া হয় সবাইকে।

তার ভাষ্য, প্রথমে চার দিন একটি ট্রলারে এবং পরে অন্য একটি নৌকায় আরও দুই দিন থাকতে হয়েছে তাদের। এ সময় দিনে দুই বেলা সামান্য খাবার দেওয়া হতো। একপর্যায়ে প্রত্যেকের পরিবারের কাছে প্রায় ৫০ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়।

রিদুয়ান জানান, মুক্তিপণের বিষয়ে কয়েকজন বয়স্ক ব্যক্তি মাঝির সঙ্গে কথা বলতে গেলে তাদের একজনকে মারধর করা হয়। এরপর ট্রলারে থাকা ব্যক্তিদের সঙ্গে অস্ত্রধারীদের ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে দালালচক্রের সদস্যরা পালিয়ে গেলে কয়েকজন ভুক্তভোগী ট্রলারের নিয়ন্ত্রণ নিয়ে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেন।

কাজের প্রলোভন দেখিয়েও অপহরণ

চকরিয়ার এক রাজমিস্ত্রি জানান, কাজের কথা বলে পরিচিত এক ব্যক্তির সঙ্গে টেকনাফে গিয়ে তিনি অপহরণের শিকার হন। জমি মাপজোখের কাজ শেষে হিসাব করার কথা বলে তাদের একটি বাসায় নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর হঠাৎ দরজা বন্ধ করে দেওয়া হয়। চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি কেড়ে নেওয়া হয় মুঠোফোন।

পরে সুপারি বাগানের ভেতরে একটি ভবনে প্রায় সাত দিন আটকে রাখা হয় তাদের। এ সময় ঠিকমতো খাবার দেওয়া হতো না। বাইরের কারও সঙ্গে কথা বলা কিংবা যোগাযোগেরও সুযোগ ছিল না।

মুক্তার হোসেন নামের আরেক ভুক্তভোগী জানান, নারায়ণগঞ্জে চাকরি করার সময় এক বন্ধুর মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তাব পান তিনি। প্রথমে সাড়ে তিন লাখ টাকা চাওয়া হলেও পরে তিন লাখ টাকায় পাঠানোর কথা বলা হয়। দালালের দেওয়া ঠিকানায় কক্সবাজারে পৌঁছানোর পর তাকে একটি কক্ষে আটকে রাখা হয়। সেখানে আরও অনেককে বন্দি অবস্থায় দেখতে পান তিনি।

সাতজনকে সাগরে ফেলে দেওয়ার অভিযোগ

উদ্ধার হওয়া কলা ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীরের দাবি, তাদের ট্রলারে মোট ৭২ জন ছিলেন। দালালচক্রের সদস্যরা তাদের মধ্য থেকে সাতজনকে সাগরে ফেলে দেন। পরে কয়েকজন মিলে ট্রলারের নিয়ন্ত্রণ নিয়ে কক্সবাজারের দিকে রওনা হন।

জাহাঙ্গীর বলেন, শৈবাল পয়েন্টে ট্রলারটি আটকে গেলে তারা সবাই নেমে ঝাউবাগানের দিকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাদের আটক করে বসিয়ে রাখেন।

টেকনাফের কচুবনিয়া এলাকার ইলিয়াছ জানান, দালালচক্রের সদস্যদের অতিরিক্ত মারধরের প্রতিবাদ জানালে ট্রলারে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে দালালচক্রের সদস্যরা অন্য একটি ট্রলারে করে পালিয়ে যায়। তাদের দুজনকে আটক করা হলেও পরে তারাও পালিয়ে যান বলে দাবি করেন তিনি।

স্বজনদের কাছে মুক্তিপণ দাবি, মিয়ানমারে পাঠানোর হুমকি

উদ্ধার হওয়া ব্যক্তিদের খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানায় ছুটে আসেন তাদের স্বজনেরা। তাদের একজন উখিয়ার রত্নাপালং ইউনিয়নের সাইফুল ইসলাম। তিনি জানান, ১০ দিন ধরে ছেলের কোনো খোঁজ পাচ্ছিলেন না। এর মধ্যে একটি মুঠোফোন নম্বর থেকে তাকে ফোন করে ছেলের কবর পেয়েছেন কি না, তা জানতে চাওয়া হয়। পরে ছেলের সঙ্গে কথা বলিয়ে দেওয়া হলে কান্নাজড়িত কণ্ঠে সে জানায়, তাকে মারধর করে বেঁধে রাখা হয়েছে।

সাইফুল ইসলামের অভিযোগ, ফোনের অপর প্রান্ত থেকে ছেলেকে মুক্তি দিতে এক লাখ ২০ হাজার টাকা দাবি করা হয়। দেড় ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে বলা হয়। টাকা দিতে ব্যর্থ হলে ছেলেকে মিয়ানমারের দালালদের হাতে তুলে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

আরেক অভিভাবক আবু তাহের জানান, তার ছেলে দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরে জানতে পারেন, মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আব্দুল আজিজ নামের এক ব্যক্তিসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা।

ভুক্তভোগী ও তাদের স্বজনদের অভিযোগ, টেকনাফকেন্দ্রিক একটি চক্র দীর্ঘদিন ধরে অপহরণ ও মানবপাচারের সঙ্গে জড়িত। চক্রের সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এদিকে উদ্ধার হওয়া ২৮ জনকে কক্সবাজার সদর মডেল থানায় রাখা হয়েছে। তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করছে পুলিশ। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।