tanaka
প্রচ্ছদজাতীয়জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ

জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ

জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (ইজিডিআই) ২০২৬-এ তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। বিশ্বের ১৯৪টি দেশের মধ্যে ৯৭তম অবস্থানে উঠে এসেছে দেশটি। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দুই অঙ্কের র‌্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে বাংলাদেশ। ২০২৪ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।

চলতি বছর সূচকটিতে বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ০.৬৮৯৩, যা এ যাবৎকালের সর্বোচ্চ। এ অর্জনের ফলে ‘হাই ইজিডিআই’ বা উচ্চ ই-গভর্নমেন্ট শ্রেণিতেও নিজেদের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, ইজিডিআইয়ের তিনটি উপাদানের মধ্যে দুটি ক্ষেত্রে এবার সর্বোচ্চ স্কোর অর্জন করেছে বাংলাদেশ। এর মধ্যে অনলাইন সার্ভিস ইনডেক্সে (ওএসআই) স্কোর ০.৮১ এবং টেলিযোগাযোগ অবকাঠামো সূচকে (টিআইআই) স্কোর ০.৬৯।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়াবলি বিভাগ (ইউএন ডেসা) প্রকাশিত দ্বিবার্ষিক প্রতিবেদন ‘২০২৬ ইউএন ই-গভর্নমেন্ট সার্ভে’-তে এ তথ্য উঠে এসেছে। এবারের মূল্যায়নে ডিজিটাল সরকার ব্যবস্থায় বিশ্বের দেশগুলোর মধ্যে শীর্ষস্থান দখল করেছে দক্ষিণ কোরিয়া।

ইজিডিআই মূলত নাগরিকদের সেবা প্রদানে ই-গভর্নমেন্ট ব্যবহারের সক্ষমতা, ডিজিটাল অবকাঠামোর প্রস্তুতি এবং মানবসম্পদের দক্ষতা ও অগ্রগতি পরিমাপের একটি সমন্বিত সূচক। তিনটি পৃথক উপাদানের ভারযুক্ত গড়ের ভিত্তিতে এ সূচক নির্ধারণ করা হয়। উপাদানগুলো হলো—অনলাইন সার্ভিস ইনডেক্স, টেলিযোগাযোগ অবকাঠামো ইনডেক্স এবং হিউম্যান ক্যাপিটাল ইনডেক্স।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে গড় ইজিডিআই স্কোরও বেড়েছে। ২০২৪ সালে বৈশ্বিক গড় স্কোর ছিল ০.৬৩৮২, যা ২০২৬ সালে বেড়ে দাঁড়িয়েছে ০.৬৬৭৫। অর্থাৎ দুই বছরে বৈশ্বিক গড় স্কোর বেড়েছে ৪ দশমিক ৬ শতাংশ। সে হিসাবে বাংলাদেশের ০.৬৮৯৩ স্কোর বৈশ্বিক গড়ের চেয়ে বেশি।

এদিকে, ২০২৬ সালের মূল্যায়নে ১৯৪টি দেশের মধ্যে ১৫১টি দেশ উচ্চ অথবা অত্যন্ত উচ্চ ইজিডিআই শ্রেণিতে স্থান পেয়েছে। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ১৩৮। অর্থাৎ দুই বছরে এ দুই শ্রেণিতে থাকা দেশের সংখ্যা বেড়েছে ১৩টি।

সূত্র: বাসস