দক্ষিণ আমেরিকার দেশ পেরুর মধ্যাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৯ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা।
তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের ঘটনা কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর আনাদোলুর।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, পেরুর মধ্যাঞ্চলীয় জুনিন অঞ্চলের ওন্দোরেস শহর থেকে ২২ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৪২ দশমিক ১ কিলোমিটার গভীরে এর কেন্দ্র ছিল।
সংস্থাটির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
এদিকে, ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। পাশাপাশি সুনামি নিয়ে কোনো পরামর্শ, নজরদারি বা ঝুঁকির ঘোষণাও দেওয়া হয়নি বলে জানিয়েছে ইউএসজিএস।



