tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকরোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে

রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে

রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে আদালত এ ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর দমন-পীড়নের মুখে দেশটির রাখাইন রাজ্য থেকে ৭ লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন। ওই সময় রোহিঙ্গাদের ওপর পরিচালিত সামরিক অভিযানে গণহত্যার অভিযোগ তুলে মামলাটি করা হয়েছিল।

রায় ঘোষণার সময় আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া জানান, ৯-৬ ভোটে আদালত সিদ্ধান্ত নিয়েছে, মিয়ানমার রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়ে ১৯৪৮ সালের গণহত্যা সনদে নির্ধারিত আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।

আন্তর্জাতিক বিচারব্যবস্থার ইতিহাসে এ রায়কে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক আদালতে কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করার ঘটনা এটিই প্রথম। নাৎসি হলোকাস্টের পর আন্তর্জাতিক আদালতে গণহত্যার অপরাধসংক্রান্ত এটি চতুর্থ রায়।

২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। গাম্বিয়ার অভিযোগ ছিল, রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সামরিক অভিযান চালিয়েছে মিয়ানমার।

মামলায় গাম্বিয়া ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করার পাশাপাশি রোহিঙ্গাদের বিরুদ্ধে সব ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধ এবং গণহত্যার জন্য দায়ীদের বিচারের আওতায় আনার নির্দেশ দেওয়ার আবেদন জানায়।

তবে মিয়ানমার শুরু থেকেই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছিল। দেশটির দাবি, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) যোদ্ধারা পুলিশ ফাঁড়িতে হামলা চালানোর পর নিরাপত্তার স্বার্থে সামরিক অভিযান পরিচালনা করা হয়েছিল।

প্রায় তিন ঘণ্টাব্যাপী রায় পাঠের সময় আইসিজে প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, আদালতে উপস্থাপিত প্রমাণে উঠে এসেছে, মিয়ানমারের বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে।

এ রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের আন্তর্জাতিক দায় নির্ধারণের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হলো। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ন্যায়বিচারের দাবি এবং প্রত্যাবাসনসংক্রান্ত সংকটও নতুন করে আন্তর্জাতিক আলোচনায় গুরুত্ব পেতে পারে।

সূত্র: আল জাজিরা