আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অন্যের প্রযুক্তির ওপর নির্ভরশীল না থেকে দেশের তরুণদের মেধা, উদ্ভাবনী ক্ষমতা ও প্রযুক্তিগত দক্ষতাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে চায় সরকার।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজও পিছিয়ে পড়বে। বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে তরুণদের আধুনিক সুযোগ-সুবিধা, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহযোগিতা নিশ্চিত করা গেলে তারা বৈশ্বিক উদ্ভাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে দেশের তরুণরা আকাশও জয় করতে সক্ষম বলে মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে তরুণ প্রজন্মের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে।
উদ্ভাবনী উদ্যোগের জন্য অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী আরও বলেন, অর্থের অভাবে যেন কোনো সম্ভাবনাময় উদ্ভাবন থেমে না যায়, সে জন্য সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড বরাদ্দ রেখেছে। এই তহবিল তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকদের নতুন সম্ভাবনা তৈরিতে সহায়তা করবে।



