ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ এবং হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি মোকাররম হোসাইন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ মামলায় জাবেদের স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ আরও ১৬ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থাৎ মোট ১৭ জনের সাজা হয়েছে। মামলার ৩৬ আসামির মধ্যে বাকি ১৯ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ না পাওয়ায় তাদের খালাস দিয়েছেন আদালত।
১০ বছর করে কারাদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন—রুকমীলা জামান, মোহাম্মদ একরাম উল্লাহ, আবদুল হামিদ চৌধুরী, মোহাম্মদ মিছবাহুল আলম, আবদুল আজিজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হোছাইন চৌধুরী, ইয়াছিনুর রহমান, ইউছুফ চৌধুরী, সাইফুল ইসলাম, বজল আহমেদ বাবুল, এম এ সবুর, ইউসিবিএলের সাবেক পরিচালক বশির আহমেদ, সৈয়দ কামরুজ্জামান, শাহ আলম ও এজিএম উৎপল পাল।
এর আগে রোববার সকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে বিচারক মো. মিজানুর রহমানের এজলাসে মামলার সাক্ষ্যগ্রহণ ও আসামিপক্ষের জেরা শেষ হয়। সব মিলিয়ে মামলায় ৫৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, আরামিট গ্রুপের প্রটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব ভিশন ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানের মালিক হিসেবে দেখিয়ে ইউসিবি থেকে ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন করা হয়। পরে ওই অর্থ উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার এবং সেখানে সম্পত্তি কেনার অভিযোগ আনা হয়।
অভিযোগপত্র অনুযায়ী, ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এসব ঘটনা ঘটে।



