tanaka
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিটানা সপ্তম দফায় কমল স্বর্ণের দাম

টানা সপ্তম দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম কমার প্রবণতা অব্যাহত রয়েছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে টানা সপ্তমবারের মতো স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ১২ হাজার ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে টানা সাত দফায় ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে মোট দাম কমেছে ১৭ হাজার ৫৫৪ টাকা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য নির্ধারণের কথা জানায় বাজুস। একই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ৯৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪২ হাজার ১৮৪ টাকা।

আগের ছয় দফায় কমেছিল ১৪ হাজার ২৮৮ টাকা

বাজুসের তথ্য পর্যালোচনায় দেখা যায়, সর্বশেষ দফার আগে ছয়বার স্বর্ণের দাম কমানো হয়েছিল। ওই ছয় দফায় ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে মোট ১৪ হাজার ২৮৮ টাকা কমানো হয়।

এর মধ্যে ৬ নভেম্বর ভরিতে ২ হাজার ৭৪১ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা এবং ১৮ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল।

ছয় দফা দরপতনের পর ১৮ নভেম্বর ২২ ক্যারেট স্বর্ণের ভরি দাঁড়িয়েছিল ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। এর এক দিন পর বৃহস্পতিবার আরও ৩ হাজার ২৬৬ টাকা কমানোর ফলে সাত দফায় মোট দাম কমেছে ১৭ হাজার ৫৫৪ টাকা।

অলংকার বিক্রিতে যেসব নিয়ম মানতে হবে

বাজুস জানিয়েছে, স্বর্ণালংকারের ডিজাইন অনুযায়ী মজুরি নির্ধারিত হবে। স্বর্ণ ও রৌপ্য অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ মূল্য কার্যকর থাকবে।

এর আগে, গত ১৮ নভেম্বর সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা নির্ধারণ করা হয়। একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৪০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৭৪ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।