দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। একই সঙ্গে বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা জোরদারসহ সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বেবিচকের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়। সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়টি বিবেচনায় নিয়ে সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমনপথে তল্লাশি বাড়ানো, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি জোরদার এবং সার্বক্ষণিক নিরাপত্তা টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে তল্লাশি আরও কঠোর করতে বলা হয়েছে।
বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তা জোরদারে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এপিবিএনকে টহল বাড়ানো, নজরদারি জোরদার এবং বিমানবন্দরে প্রবেশকারী যানবাহনে তল্লাশি নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি বিমানবন্দর থানাকেও আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ওই কর্মকর্তা আরও জানান, যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালিত হয় না, সেখানেও রাতের বেলায় নিরাপত্তা টহল, নজরদারি ও পর্যবেক্ষণ অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরার নজরদারির আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। পুলিশের বিদ্যমান এআই ক্যামেরাভিত্তিক নজরদারি কার্যক্রমের আওতায় বিমানবন্দর এলাকাকেও যুক্ত করে ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনও নিজস্ব ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিচ্ছে।



