tanaka
প্রচ্ছদসারাদেশগোপালগঞ্জে বিএনপি নেতাদের বাড়ি-অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগ

গোপালগঞ্জে বিএনপি নেতাদের বাড়ি-অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগ

গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে বিএনপি নেতাদের বাড়ি, কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) দিনভর চলা এসব কর্মসূচিতে পুলিশের সাঁজোয়া যান, পুলিশ বক্স, জুলাই স্মৃতিস্তম্ভসহ বিভিন্ন স্থাপনায়ও হামলা ও ভাঙচুর চালানো হয়। সহিংসতার কারণে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পাশাপাশি আতঙ্কে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সকাল ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ জেলা শহরের বিভিন্ন এলাকা কার্যত বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে ছিল। এর আগে সকাল ৮টা থেকেই সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়ায় জড়ো হতে থাকেন। সেখানে পৌর আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খানের বাড়িতে তাদের দুপুরের খাবারের আয়োজন করা হয়।

পরে সেখান থেকে গাবতলা মোড়ে গিয়ে সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি বিসিক ব্রিজ হয়ে শহরে প্রবেশ করে। একই সময়ে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মো. সামিউল হকের নেতৃত্বে এবং শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বে আরও দুটি পৃথক মিছিল বের করা হয়।

বিক্ষোভে অংশ নেওয়া অনেকের হাতে দা, রামদা, কাতরা, ফুলকুচি, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লম, লগি-বইঠা ও লাঠিসোঁটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে মিছিলগুলো শহরের পুরোনো লঞ্চঘাট সেতুর কাছে এসে একত্র হয়। সেখান থেকে নেতাকর্মীরা ব্যাংকপাড়ায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যান। দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা কার্যালয়টি খুলে সেখানে উল্লাস প্রকাশ করেন তারা।

স্থানীয় সূত্র জানায়, মিছিল চলাকালে শহরের লঞ্চঘাট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ এবং এফএনএফ সুপারশপের কাচ ভাঙচুর করা হয়। একই সময়ে বিসিক ব্রিজ এলাকায় পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রানা মোল্যার ব্যক্তিগত কার্যালয়েও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

এ ছাড়া বিক্ষোভকারীরা গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক ভেঙে ও মুছে দেন। সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টানানো হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে গোপালগঞ্জ সরকারি কলেজ রাখা হয়েছিল।

একইভাবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদি চত্বর’-এর নামফলক ভেঙে এবং ব্যানার সরিয়ে সেখানে ‘মুক্তিযোদ্ধা চত্বর’ লেখা ব্যানার লাগানো হয়। পরে পুরোনো লঞ্চঘাট এলাকা, সরকারি কলেজ এবং প্রেস ক্লাবের সামনের প্রধান সড়কে আগুন জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করেন বিক্ষোভকারীরা।

এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান বা এপিসির ওপর উঠে নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। একপর্যায়ে এপিসিটির পেছনের লুকিং গ্লাস এবং একটি পুলিশ বক্সের কাচ ভাঙচুর করা হয়। সাঁজোয়া যানটির গায়েও লাল রং দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান লিখে দেওয়া হয়।

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের স্থাপনায় হামলা

গোপালগঞ্জ সদর এলাকার কর্মসূচির পাশাপাশি বিকেল ৪টার দিকে টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। স্থানীয় সূত্রের দাবি, এতে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

বিক্ষোভ মিছিল চলাকালে টুঙ্গিপাড়ায় বিএনপিসমর্থিত তিন ব্যবসায়ীর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে স্থানীয় এক যুবদল নেতার কার্যালয়েও হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া স্বেচ্ছাসেবক দল নেতা জসিমের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এসব ঝটিকা মিছিল ও সহিংসতার কারণে সকাল ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ-পাটগাতী সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। আতঙ্ক ছড়িয়ে পড়ায় শহরের বিভিন্ন এলাকার দোকানপাটও বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যদের উপস্থিতি থাকলেও সহিংসতা ঠেকাতে তাদের কার্যকর কোনো প্রতিরোধমূলক বা জোরালো তৎপরতা দেখা যায়নি।

দিনভর এসব হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে বক্তব্য জানতে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন ধরেননি। জেলা পুলিশের আরও তিনজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ফলে ঘটনাগুলো নিয়ে জেলা পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।