২০২৬ সালের এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষার ফরম পূরণের সময়সীমা আরও তিন দিন বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ১৬ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ফরম পূরণের সুযোগ পাবেন।
রোববার (১৫ নভেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্ধিত সময়ের মধ্যে ২০২৬ সালের এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীরা ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। অন্যদিকে, সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।
এতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়সীমার মধ্যেই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের যাবতীয় কার্যক্রম শেষ করতে হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভায় নেওয়া সিদ্ধান্ত এবং বোর্ড চেয়ারম্যানের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে।



