tanaka
প্রচ্ছদঅন্যান্যসঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কর আর চূড়ান্ত নয়, অতিরিক্ত টাকা ফেরত পাওয়ার সুযোগ

সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কর আর চূড়ান্ত নয়, অতিরিক্ত টাকা ফেরত পাওয়ার সুযোগ

সঞ্চয়পত্রের মুনাফার ওপর উৎসে করের প্রচলিত নিয়মে পরিবর্তন এনেছে সরকার। নতুন ব্যবস্থায় উৎসে কেটে রাখা করকে আর চূড়ান্ত কর হিসেবে বিবেচনা করা হবে না। বরং বছর শেষে আয়কর হিসাবের সঙ্গে এই অর্থ সমন্বয় করা হবে। ফলে যেসব সঞ্চয়কারীর প্রকৃত করহার উৎসে কাটা করের চেয়ে কম, তারা আয়কর রিটার্ন জমা দিয়ে অতিরিক্ত অর্থ ফেরত পাওয়ার সুযোগ পাবেন। তবে যাদের প্রকৃত করহার বেশি, তাদের অতিরিক্ত কর পরিশোধ করতে হতে পারে।

নতুন নিয়মে কারা সুবিধা পাবেন, কাদের করের পরিমাণ বাড়তে পারে এবং অতিরিক্ত অর্থ ফেরত পাওয়ার প্রক্রিয়া কী—তা নিয়ে সঞ্চয়কারীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

উৎসে করের নতুন নিয়ম কী?

বর্তমানে সঞ্চয়পত্রের মুনাফা থেকে টিআইএনধারীদের ১০ শতাংশ এবং টিআইএন না থাকা ব্যক্তিদের ১৫ শতাংশ হারে উৎসে কর কেটে রাখা হয়। আগে এই অর্থকেই চূড়ান্ত কর হিসেবে গণ্য করা হতো। ফলে প্রকৃত করের তুলনায় বেশি অর্থ কেটে রাখা হলেও তা ফেরত পাওয়ার সুযোগ ছিল না।

নতুন ব্যবস্থায় উৎসে কাটা অর্থ অগ্রিম কর হিসেবে বিবেচিত হবে। বছর শেষে একজন ব্যক্তির মোট আয় ও প্রযোজ্য করহার হিসাব করে চূড়ান্ত কর নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে উৎসে কাটা অর্থ সমন্বয়ের পর অতিরিক্ত কর পরিশোধ করতে হতে পারে। আবার বেশি অর্থ কাটা হলে ফেরত পাওয়ার সুযোগও থাকবে।

কারা লাভবান হবেন, কারা বাড়তি কর দেবেন?

নতুন নিয়মে যাদের প্রকৃত করহার ১০ শতাংশের কম, তারা তুলনামূলকভাবে সুবিধা পাবেন। কারণ তাদের কাছ থেকে উৎসে কেটে রাখা অতিরিক্ত অর্থ আয়কর রিটার্নের মাধ্যমে ফেরত পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। অন্যদিকে, যাদের প্রকৃত করহার ১০ শতাংশের বেশি, তাদের অতিরিক্ত কর দিতে হতে পারে।

বিষয়টি বোঝা যাক দুটি উদাহরণের মাধ্যমে।

প্রথম উদাহরণ: কোনো ব্যক্তি সঞ্চয়পত্র থেকে বছরে ১ লাখ টাকা মুনাফা পেলেন। এ জন্য ১০ শতাংশ হারে ১০ হাজার টাকা উৎসে কর কাটা হলো। অন্যদিকে, অন্যান্য উৎস থেকে তার আয় সাড়ে ৩ লাখ টাকা। সব মিলিয়ে বার্ষিক আয় দাঁড়াল সাড়ে ৪ লাখ টাকা।

ধরা যাক, তার প্রথম ৪ লাখ টাকা করমুক্ত এবং পরবর্তী ৫০ হাজার টাকার ওপর ১০ শতাংশ হারে ৫ হাজার টাকা কর প্রযোজ্য। সে ক্ষেত্রে উৎসে কেটে রাখা ১০ হাজার টাকার মধ্যে অতিরিক্ত ৫ হাজার টাকা ফেরত পাওয়ার সুযোগ থাকবে।

দ্বিতীয় উদাহরণ: একজন ব্যক্তি সঞ্চয়পত্র থেকে বছরে ৫ লাখ টাকা মুনাফা পেলেন। এ ক্ষেত্রে ১০ শতাংশ হারে ৫০ হাজার টাকা উৎসে কর কাটা হলো। পাশাপাশি বেতন বা অন্য উৎস থেকে তার আয় ৪ লাখ টাকা। অর্থাৎ, মোট বার্ষিক আয় দাঁড়াল ৯ লাখ টাকা।

প্রযোজ্য করহার অনুযায়ী প্রথম ৪ লাখ টাকা করমুক্ত। পরবর্তী ৩ লাখ টাকার ওপর ১০ শতাংশ হারে ৩০ হাজার এবং পরবর্তী ২ লাখ টাকার ওপর ১৫ শতাংশ হারে আরও ৩০ হাজার টাকা কর দিতে হবে। সব মিলিয়ে তার মোট করের পরিমাণ দাঁড়াবে ৬০ হাজার টাকা।

এ ক্ষেত্রে উৎসে কেটে রাখা ৫০ হাজার টাকা সমন্বয়ের পর তাকে অতিরিক্ত ১০ হাজার টাকা পরিশোধ করতে হবে।

অতিরিক্ত কাটা কর ফেরত পাবেন যেভাবে

নতুন নিয়মে সঞ্চয়পত্রের মুনাফা থেকে উৎসে কেটে রাখা অর্থ প্রকৃত করের চেয়ে বেশি হলে সেই অতিরিক্ত টাকা ফেরত চাওয়ার সুযোগ রয়েছে।

উদাহরণ হিসেবে, কোনো ব্যক্তির সঞ্চয়পত্রের মুনাফা থেকে ৩০ হাজার টাকা উৎসে কর কাটা হয়েছে। কিন্তু বিভিন্ন করছাড় ও হিসাব সমন্বয়ের পর তার প্রকৃত করের পরিমাণ দাঁড়িয়েছে ২০ হাজার টাকা। সে ক্ষেত্রে অতিরিক্ত কাটা ১০ হাজার টাকা ফেরত পাওয়ার দাবি করতে পারবেন তিনি।

তবে এ জন্য আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। রিটার্নে নিজের ব্যাংক হিসাবের তথ্য উল্লেখ করে অতিরিক্ত কর ফেরতের আবেদন করতে হবে। পাশাপাশি উৎসে কর কর্তনের প্রমাণপত্রও জমা দিতে হবে।

বিশেষ করে যাদের বার্ষিক আয় করমুক্ত সীমার মধ্যে, অথচ সঞ্চয়পত্রের মুনাফা থেকে উৎসে কর কাটা হচ্ছে, তারাও এই অর্থ ফেরত পেতে পারবেন। তবে এজন্য টিআইএন গ্রহণ করে আয়কর রিটার্ন জমা দিতে হবে।

নিয়ম অনুযায়ী, কর বিভাগের যাচাই-বাছাই শেষে ১২০ দিনের মধ্যে প্রাপ্য অর্থ আবেদনকারীর ব্যাংক হিসাবে ফেরত দেওয়ার বিধান রয়েছে।

সব মিলিয়ে নতুন ব্যবস্থায় কম করহারের সঞ্চয়কারীদের অতিরিক্ত কাটা অর্থ ফেরত পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। অন্যদিকে, যাদের প্রকৃত করহার বেশি, তাদের ক্ষেত্রে সঞ্চয়পত্রের মুনাফার বিপরীতে করের পরিমাণ আগের তুলনায় বাড়তে পারে। তাই বছর শেষে মোট আয় ও প্রযোজ্য করহার হিসাব করে রিটার্ন জমা দেওয়ার বিষয়টি সঞ্চয়কারীদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।