tanaka
প্রচ্ছদখেলাচুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই জিম্বাবুয়ের কোচের পদ ছাড়ছেন স্যামন্স

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই জিম্বাবুয়ের কোচের পদ ছাড়ছেন স্যামন্স

চুক্তির মেয়াদ শেষ হতে এখনো দুই বছর বাকি থাকলেও জিম্বাবুয়ের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জাস্টিন স্যামন্স। আফগানিস্তানের বিপক্ষে শারজায় চলমান টেস্ট ম্যাচের মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকান এই কোচ। পরিবারের সঙ্গে সময় কাটাতে নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্টটিই জিম্বাবুয়ের প্রধান কোচ হিসেবে স্যামন্সের শেষ দায়িত্ব হতে যাচ্ছে। এরপর দক্ষিণ আফ্রিকায় ফিরে যাবেন তিনি।

২০২৪ সালের জুনে জিম্বাবুয়ের প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন স্যামন্স। তার অধীনে দলটির পারফরম্যান্সে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়। এই সময়ে তিনটি টেস্ট জয় করে জিম্বাবুয়ে। এর মধ্যে ছিল ২০২১ সালের পর দেশের বাইরে তাদের প্রথম টেস্ট জয়। ২০২৫ সালের এপ্রিলে সিলেটে বাংলাদেশের বিপক্ষে সেই সাফল্য পায় দলটি। এ ছাড়া নিজেদের মাঠে সর্বশেষ দুটি টেস্টে আফগানিস্তান ও বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারায় জিম্বাবুয়ে।

চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও দারুণ পারফরম্যান্স দেখায় দলটি। নিজেদের ইতিহাসের অন্যতম সেরা সাফল্য অর্জন করে অষ্টম স্থান নিয়ে টুর্নামেন্ট শেষ করে জিম্বাবুয়ে। প্রথম পর্বে অপরাজিত থাকার পথে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ওমানের মতো দলকে হারিয়ে চমক দেখায় তারা।

জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) এক বিবৃতিতে স্যামন্সের দায়িত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে। একই সঙ্গে দলটির সঙ্গে কাজ করার সুযোগ এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই কোচ।

বিদায়বেলায় স্যামন্স বলেন, ‘জিম্বাবুয়ে জাতীয় দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল অসাধারণ। এখানকার সময়ের স্মৃতিগুলো সবসময় আমার মনে থাকবে। আমাকে এই দলের দায়িত্ব দেওয়ার জন্য জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি জিম্বাবুয়ে ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই।’

জিম্বাবুয়ের দায়িত্ব নেওয়ার আগে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন দলের সঙ্গে কাজ করেছেন স্যামন্স। এ ছাড়া ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) হাই-পারফরম্যান্স ইউনিটেও দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবেও কাজ করেছেন এই কোচ।