tanaka
প্রচ্ছদঅন্যান্যবাংলাদেশের পাশে থাকার আশ্বাস এরদোগানের, তারেক রহমানকে দিলেন সহযোগিতার প্রতিশ্রুতি

বাংলাদেশের পাশে থাকার আশ্বাস এরদোগানের, তারেক রহমানকে দিলেন সহযোগিতার প্রতিশ্রুতি

বাংলাদেশের উন্নয়ন ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তুরস্কের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি জানিয়েছেন, বাংলাদেশের প্রয়োজনে নিজের এবং তুরস্কের সামর্থ্যের সবটুকু কাজে লাগাতে প্রস্তুত তিনি।

গত ১০ নভেম্বর জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এর ফাঁকে তুরস্কের আনতালিয়ায় দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

রোববার (১৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর তুরস্ক সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকের বিভিন্ন বিষয় তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি জানান, বৈঠকে এরদোগান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশের জনগণের নেতা হিসেবে অভিহিত করার পাশাপাশি নিজের ঘনিষ্ঠ ও মূল্যবান ভাই হিসেবে উল্লেখ করেন। বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশের জন্য নিজের ও তুরস্কের যতটুকু সক্ষমতা রয়েছে, তার সবটুকুই কাজে লাগাবেন। এ ক্ষেত্রে বাংলাদেশকে শুধু প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে তাঁকে জানাতে হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বহুপক্ষীয় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজক দেশের প্রেসিডেন্ট সাধারণত খুব বেশি দেশের সরকারপ্রধানের সঙ্গে আলাদা দ্বিপক্ষীয় বৈঠকে বসেন না। এরদোগানও হাতে গোনা কয়েকটি দেশের নেতার সঙ্গে এমন বৈঠক করছেন। সেই সীমিত তালিকায় প্রথম দিনেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক হওয়া বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক রাজনীতি ও রাজনৈতিক অর্থনীতির প্রেক্ষাপটে এ ধরনের বৈঠকের তাৎপর্য রয়েছে। এরদোগান বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। দুই দেশের নেতার মধ্যে অত্যন্ত আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। বর্তমানে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক একটি অনন্য উচ্চতায় পৌঁছেছে এবং তা আরও গভীর হয়ে কৌশলগত অংশীদারত্বের দিকে এগিয়ে যাচ্ছে।

বৈঠকে প্রতিরক্ষা খাতেও সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান হুমায়ুন কবির। বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা, বিনিয়োগ এবং ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্কে সম্ভাব্য বিনিয়োগের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। পাশাপাশি বিভিন্ন ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে দুই দেশের মধ্যে বিনিয়োগ অংশীদারত্ব গড়ে তোলার বিষয়েও ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

এ ছাড়া রোহিঙ্গা সংকট নিয়েও দুই নেতার মধ্যে কথা হয়েছে। রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে অর্থায়ন ও সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।