tanaka
প্রচ্ছদলাইফস্টাইলনিয়মিত খাবার খেয়েও দূর হচ্ছে না ক্লান্তি? দায়ী হতে পারে এই ৪...

নিয়মিত খাবার খেয়েও দূর হচ্ছে না ক্লান্তি? দায়ী হতে পারে এই ৪ অভ্যাস

পর্যাপ্ত খাবার খাওয়ার পরও অনেকের শরীরে ক্লান্তি ও অবসাদ থেকে যায়। বিশেষ করে তরুণদের মধ্যে এ সমস্যা ক্রমেই বাড়ছে। সারাদিন নিয়মিত খাবার গ্রহণের পরও কেন শরীরে পর্যাপ্ত শক্তি পাওয়া যাচ্ছে না, তা নিয়ে অনেকেই উদ্বিগ্ন। চিকিৎসকদের মতে, শুধু খাবারের পরিমাণ বেশি হলেই শরীর সুস্থ ও কর্মক্ষম থাকে না। বরং খাদ্যাভ্যাসের অসামঞ্জস্য, অপর্যাপ্ত ঘুম, দীর্ঘস্থায়ী মানসিক চাপ এবং শারীরিক নিষ্ক্রিয়তার মতো কিছু অভ্যাসও সারাক্ষণ ক্লান্তির কারণ হতে পারে।

ক্লান্তির পেছনে থাকতে পারে যে ৪ অভ্যাস

১. পুষ্টির ভারসাম্যহীনতা

নিয়মিত খাবার খেলেও শরীর প্রয়োজনীয় সব পুষ্টি পাচ্ছে কি না, তা নিশ্চিত করা জরুরি। অতিরিক্ত মিষ্টি, পরিশোধিত শর্করা ও ফাস্টফুড খাওয়ার ফলে শরীরে পর্যাপ্ত ক্যালরি পৌঁছালেও প্রোটিন, আয়রন ও বি ভিটামিনের ঘাটতি দেখা দিতে পারে।

এ ধরনের খাবার রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে আবার কমিয়ে দিতে পারে। এর ফলে ক্ষুধা বাড়ার পাশাপাশি শরীরে অবসাদও তৈরি হয়। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় প্রোটিন, আঁশসমৃদ্ধ শর্করা, স্বাস্থ্যকর চর্বি, ফলমূল ও শাকসবজি রাখা প্রয়োজন।

২. ঘুমের অনিয়ম

শরীরের স্বাভাবিক কর্মক্ষমতা বজায় রাখতে পর্যাপ্ত ও মানসম্মত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অনিয়মিত সময়ে ঘুমানো কিংবা রাতে দীর্ঘক্ষণ মোবাইল ও কম্পিউটারের পর্দায় সময় কাটানোর অভ্যাস ঘুমের স্বাভাবিক ছন্দে ব্যাঘাত ঘটায়।

এতে শরীর পর্যাপ্ত বিশ্রাম পায় না। ফলে নিয়মিত খাবার খাওয়ার পরও ক্লান্তি, অবসাদ ও কাজে মনোযোগের অভাব দেখা দিতে পারে।

৩. দীর্ঘদিনের মানসিক চাপ

পড়াশোনা, চাকরি কিংবা ব্যক্তিগত জীবনের নানা দায়িত্ব থেকে তৈরি হওয়া মানসিক চাপ শরীরের ওপরও প্রভাব ফেলে। দীর্ঘদিন উদ্বেগ ও দুশ্চিন্তার মধ্যে থাকলে ঘুমের স্বাভাবিক ছন্দ, ক্ষুধা এবং দৈনন্দিন কাজের রুটিন ব্যাহত হতে পারে।

এর ফলে মানসিক অবসাদের পাশাপাশি শারীরিক ক্লান্তিও বাড়তে থাকে। একপর্যায়ে স্বাভাবিক কাজেও আগ্রহ ও মনোযোগ কমে যেতে পারে।

৪. শারীরিক পরিশ্রমের অভাব

দীর্ঘ সময় এক জায়গায় বসে কাজ করা কিংবা মোবাইল ও কম্পিউটার ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়লে দৈনন্দিন শারীরিক কর্মকাণ্ড কমে যায়। নিয়মিত শরীরচর্চা না করলে ধীরে ধীরে শরীরের সহনশীলতা ও কর্মক্ষমতা হ্রাস পেতে পারে।

ফলে অল্প পরিশ্রমেই হাঁপিয়ে ওঠা কিংবা সাধারণ কাজের পরও অতিরিক্ত ক্লান্তি অনুভব করার প্রবণতা তৈরি হয়।

ক্লান্তি দূর করে কর্মক্ষমতা বাড়াতে করণীয়

শরীরের শক্তি ও কর্মক্ষমতা ধরে রাখতে দৈনন্দিন জীবনযাপনে কিছু ইতিবাচক পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

  • সুষম খাবার: প্রতিদিনের খাদ্যতালিকায় প্রোটিন, জটিল শর্করা, স্বাস্থ্যকর চর্বি, শাকসবজি ও ফলমূল রাখুন।

  • নিয়মিত ঘুম: প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুলুন।

  • পর্দা থেকে বিরতি: রাতে ঘুমানোর আগে মোবাইল, কম্পিউটারসহ ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার কমিয়ে আনুন।

  • শরীরচর্চা: প্রতিদিন অন্তত ২০ মিনিট হাঁটা কিংবা শরীর প্রসারণের ব্যায়াম করুন। এতে শারীরিক সক্ষমতা ও সহনশীলতা বজায় রাখতে সহায়তা করবে।

  • মানসিক চাপ নিয়ন্ত্রণ: কাজের ফাঁকে বিরতি নিন এবং মানসিক চাপ কমাতে গভীরভাবে শ্বাস নেওয়ার অনুশীলন করুন।

তবে স্বাস্থ্যকর খাবার, পর্যাপ্ত ঘুম ও নিয়মিত শরীরচর্চার পরও যদি দীর্ঘদিন ক্লান্তি না কমে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ রক্তস্বল্পতা, থাইরয়েডের সমস্যা কিংবা অন্যান্য শারীরিক অসুস্থতার কারণেও দীর্ঘস্থায়ী ক্লান্তি দেখা দিতে পারে।

সূত্র: হিন্দুস্তান টাইমস