tanaka
প্রচ্ছদসারাদেশভোলায় আরও একটি গ্যাসকূপের খনন শেষ, দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট উৎপাদনের আশা

ভোলায় আরও একটি গ্যাসকূপের খনন শেষ, দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট উৎপাদনের আশা

ভোলায় নতুন একটি গ্যাসকূপের খননকাজ সম্পন্ন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। ‘ভোলা নর্থ-৩’ নামের কূপটিতে গ্যাসের মজুত ও উৎপাদন সক্ষমতা যাচাই শুরু হয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, কূপটি থেকে প্রতিদিন ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে।

রোববার (১৫ নভেম্বর) সকালে কূপটির গ্যাসের মজুত পরীক্ষা করতে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু করা হয়। এ জন্য সকাল ৮টা ২০ মিনিটে কূপটিতে আগুন প্রজ্বালন করেন প্রকৌশলীরা। এটি ভোলা অঞ্চলের দশম গ্যাসকূপ।

প্রকল্প পরিচালক ও বাপেক্সের মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ আহসানুল আমিন জানান, গত ৯ সেপ্টেম্বর ভোলা নর্থ-৩ কূপের খননকাজ শুরু হয়। ২২ অক্টোবর খনন শেষ হওয়ার পর ১৪ নভেম্বর পারফোরেশন কার্যক্রম সম্পন্ন করা হয়। এবারই প্রথম ভোলায় খননকাজ পরিচালনা করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোপ্যাক। এর আগে রাশিয়ার প্রতিষ্ঠান গ্যাজপ্রম জেলায় সাতটি গ্যাসকূপ খনন করেছিল।

প্রকৌশলীরা জানান, গ্যাসের মজুত নির্ধারণের লক্ষ্যে ভোলা নর্থ-৩ কূপটি ৩ হাজার ৫২৬ মিটার মেজার্ড ডেপথ (এমডি) পর্যন্ত খনন করা হয়েছে। ডিএসটি শুরুর আগে টেস্ট স্ট্রিং ও সারফেস ফ্লোলাইনের চাপ পরীক্ষা সন্তোষজনক পাওয়া গেছে। প্রাথমিক পর্যবেক্ষণে কূপটি থেকে দৈনিক ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা দেখা যাচ্ছে।

তবে চূড়ান্ত উৎপাদন সক্ষমতা জানতে ডিএসটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পরীক্ষা শেষে গ্যাসের প্রবাহের হার ও কূপের চাপ বিশ্লেষণ করে বিস্তারিত ফলাফল জানানো হবে বলে জানান প্রকল্প পরিচালক।

১৯৯৫ সালে ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্র আবিষ্কারের পর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেখানে প্রথম আগুন প্রজ্বালন করেন। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে গ্যাসের ব্যবহার শুরু হয় এবং আটটি কূপ খনন করা হয়। নতুন কূপটি যুক্ত হওয়ায় জেলায় মোট খনন করা গ্যাসকূপের সংখ্যা দাঁড়াল ১০টিতে। এ ছাড়া চীনা প্রতিষ্ঠানটির মাধ্যমে আরও চারটি কূপ খননের পরিকল্পনা রয়েছে। সেগুলোর জন্য স্থানও নির্ধারণ করা হয়েছে।

গ্যাসের সুফল চান ভোলার বাসিন্দারা

নতুন গ্যাসকূপের খননকাজ শেষ হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ দেখা গেলেও জেলার গ্যাসসম্পদের সুফল না পাওয়ার অভিযোগও রয়েছে। তাদের দাবি, বিপুল গ্যাসের মজুত থাকা সত্ত্বেও ভোলার মানুষ এখনো আবাসিক গ্যাস সংযোগ থেকে বঞ্চিত। তাই দ্রুত বাসাবাড়িতে গ্যাস সরবরাহের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।

ভোলার ব্যবসায়ী ও নাগরিক কমিটির প্রতিনিধি মাহাবুব মোর্শেদ বাবুল বলেন, জেলায় বর্তমানে ১০টি গ্যাসকূপ খনন করা হয়েছে। এখানকার গ্যাসের মজুত প্রায় ৩ ট্রিলিয়ন ঘনফুটের কাছাকাছি। প্রতিদিন ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সক্ষমতা থাকলেও বর্তমানে ব্যবহার হচ্ছে মাত্র ৬৫ মিলিয়ন ঘনফুট। অথচ আবাসিক ও গৃহস্থালি কাজে দৈনিক মাত্র ১ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন।

অন্যদিকে, আবাসিক সংযোগ চালুর পাশাপাশি ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার আগে ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং জেলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর।

এদিকে আবাসিক গ্যাস সংযোগ, স্থানীয় গ্যাস ব্যবহার করে শিল্পায়নসহ ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে কয়েক লাখ মানুষের আবেদন পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রোববার চরফ্যাশনের চর কুকরিমুকরি ইউনিয়ন থেকে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে।

জেলায় গ্যাসের মজুত ও উৎপাদনের সম্ভাবনা থাকা সত্ত্বেও স্থানীয়দের আবাসিক সংযোগ না দেওয়ায় দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছে। এ দাবিতে বিভিন্ন সময় আন্দোলনও করেছেন বাসিন্দারা। নতুন কূপ আবিষ্কারের সম্ভাবনা ঘিরে আশাবাদ তৈরি হলেও নিজেদের গ্যাসের সুবিধা পাওয়ার অপেক্ষা এখনো শেষ হয়নি তাদের।