tanaka
প্রচ্ছদসারাদেশআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব চান আসিফ মাহমুদ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব চান আসিফ মাহমুদ

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে তাঁকে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন আসিফ মাহমুদ। সেখানে তিনি লেখেন, ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন আলোচনা-সমালোচনা চলছে, ঠিক তখনই এমন মন্তব্য করলেন এনসিপির এই নেতা।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও হামলার মতো ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

এদিকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করেও জাতীয় সংসদে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। গত ১০ ও ১১ নভেম্বর সংসদ অধিবেশনে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

এমন পরিস্থিতিতে আসিফ মাহমুদের দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব চাওয়ার বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।