tanaka
প্রচ্ছদসারাদেশগোপালগঞ্জের ডিসি-এসপিকে প্রত্যাহার

গোপালগঞ্জের ডিসি-এসপিকে প্রত্যাহার

গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দেশি অস্ত্র নিয়ে মহড়া, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনার পর জেলার প্রশাসন ও পুলিশের শীর্ষ দুই পদে রদবদল করেছে সরকার। জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। অন্যদিকে, পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকে ফেনী জেলায় বদলি করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পৃথক প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্তের কথা জানায়। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন হবিগঞ্জের বর্তমান জেলা প্রশাসক জি এম সরফরাজ। একই প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের জেলা প্রশাসক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ফেনীর বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই আদেশে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে রোববার দুপুরে গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে দেশি অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও মহড়া দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় তাঁদের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল ও টেঁটার মতো অস্ত্র দেখা যায়।

বিক্ষোভ চলাকালে সড়কে আগুন জ্বালিয়ে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এতে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তার কারণে বিভিন্ন দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

এর আগের দিন শনিবার রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় জেলায় রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যায়।

তবে পুলিশের দাবি, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান ও তৎপরতার কারণে বড় ধরনের কোনো জানমালের ক্ষয়ক্ষতি হয়নি।

এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুদ—জেলার প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা দুই শীর্ষ কর্মকর্তাকে প্রত্যাহার ও বদলি করল সরকার।