কনসার্টে প্রিয় শিল্পীর গান, নাচ আর উচ্ছ্বাসে মেতে ওঠার অপেক্ষায় থাকেন ভক্তরা। তবে পাঞ্জাবি সংগীতশিল্পী ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের আসন্ন আহমেদাবাদ কনসার্টে দর্শকদের সেই উন্মাদনায় কিছুটা বিধিনিষেধের ছায়া পড়তে পারে। অনুষ্ঠানকে ঘিরে একাধিক সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে গুজরাটের শিশু সুরক্ষা দপ্তর।
আগামী ২১ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পারফর্ম করবেন দিলজিৎ। তাঁর ‘অরা ইন্ডিয়া ট্যুর’-এর অংশ হিসেবে আয়োজন করা হয়েছে এই কনসার্ট। তবে অনুষ্ঠান শুরুর আগেই মঞ্চে পরিবেশিত গানের তালিকা, শিল্পীর পোশাক এবং শিশুদের মঞ্চে আমন্ত্রণ জানানো নিয়ে আপত্তি তুলেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে আহমেদাবাদের জেলা শিশু সুরক্ষা কর্মকর্তা তানভিকা পারমার শহরের পুলিশ কমিশনার অনুপম সিং গহলৌতকে একটি চিঠি দিয়েছেন। সেখানে কনসার্টে কয়েকটি বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে দিলজিতের জনপ্রিয় চারটি গান—‘পটিয়ালা পেগ’, ‘৫ তারা ঠেকে’, ‘জেব ভিচো ফিম’ ও ‘জাট ফায়ার করদা’ পরিবেশন না করার সুপারিশ করা হয়েছে। এমনকি গানগুলোর কথা পরিবর্তন করেও যেন সেগুলো মঞ্চে গাওয়া না হয়, সে বিষয়েও আপত্তি জানিয়েছেন শিশু সুরক্ষা কর্মকর্তা।
কর্তৃপক্ষের আশঙ্কা, এসব গানের কথায় মদ্যপান, মাদকদ্রব্য, অস্ত্র ও সহিংসতার প্রসঙ্গ থাকায় শ্রোতাদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে শিশু-কিশোরদের কাছে এ ধরনের গান নেশার প্রবণতা ও সহিংসতাকে স্বাভাবিক বা আকর্ষণীয় করে তুলতে পারে বলে মনে করছেন তাঁরা।
গান পরিবেশনের পাশাপাশি শিল্পীর পোশাক এবং শিশুদের মঞ্চে ডেকে নেওয়ার বিষয়েও সতর্কতা জারি করা হয়েছে। ফলে দিলজিতের বহুল প্রতীক্ষিত আহমেদাবাদ কনসার্টে শেষ পর্যন্ত কী ধরনের বিধিনিষেধ কার্যকর হয়, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।



