tanaka
প্রচ্ছদসারাদেশএকই কক্ষে বাবা ও যমজ দুই শিশুর মরদেহ উদ্ধার, হেফাজতে স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা

একই কক্ষে বাবা ও যমজ দুই শিশুর মরদেহ উদ্ধার, হেফাজতে স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা

চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ির একটি কক্ষ থেকে মো. জাহেদ হোসেন (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ এবং তাঁর সাত মাস বয়সী যমজ দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাকে হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার পুইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যম পুইছড়ি মওলার পাড়ায় বদি আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জাহেদ হোসেন চাম্বল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদিউল আলমের ছেলে। তাঁর দুই কন্যাশিশুর নাম জাসিয়া জান্নাত ও জারিন জান্নাত।

বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. কাউসার বাবা ও দুই মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি পারিবারিক অনুষ্ঠানকে কেন্দ্র করে জাহেদ ও তাঁর স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে জুমার নামাজের পর স্ত্রী আফিয়া বেগম একটি সামাজিক অনুষ্ঠানে যান। এ সময় যমজ দুই শিশুসহ জাহেদ শ্বশুরবাড়িতেই ছিলেন। বিকেলে ঘটে মর্মান্তিক এ ঘটনা।

নিহতের স্ত্রী আফিয়া বেগমের ভাষ্য, শুক্রবার দুপুর ১২টার দিকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে একটি অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এ সময় যমজ দুই মেয়েকে সঙ্গে নিতে চাইলে স্বামী জাহেদ তাঁকে নিষেধ করেন। পরে শিশু দুটিকে বাড়িতে রেখেই তিনি অনুষ্ঠানে যান।

আফিয়া জানান, বিকেলে বাড়িতে ফিরে তাঁরা ঘরের দরজা-জানালা সব বন্ধ দেখতে পান। পরে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ কিংবা মানসিক হতাশার জেরে জাহেদ তাঁর দুই যমজ কন্যাকে শ্বাসরোধে হত্যার পর নিজে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্ত ও তদন্তের আগে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

তিনি আরও জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।