ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করানোর প্রচেষ্টার মধ্যেই ওয়াশিংটনে সফর করছেন ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গফম্যান। ইরান যুদ্ধের সম্ভাব্য পরিস্থিতি নিয়ে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতেই তাঁর এই সফর বলে জানা গেছে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাত দিয়ে শুক্রবার (১৩ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
অজ্ঞাতনামা সূত্রের বরাতে অ্যাক্সিওস জানিয়েছে, ওয়াশিংটনে অবস্থানকালে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র্যাটক্লিফের সঙ্গে বৈঠক করছেন গফম্যান। এ ছাড়া হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনার জন্য তাঁর মিয়ামি যাওয়ার কথা রয়েছে।
ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছেন, ঠিক সেই সময় মোসাদপ্রধানের এ সফর বিশেষ তাৎপর্য বহন করছে। তবে নেতানিয়াহুর যুদ্ধ শুরুর প্রস্তাবে এখন পর্যন্ত সম্মতি দেননি ট্রাম্প।
অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ নভেম্বর টেলিফোনে কথোপকথনের সময়ও দুই নেতা ইরান যুদ্ধের বিষয়টি নিয়ে আলোচনা করেন। তবে সামরিক অভিযান শুরুর পরিবর্তে ইরানের ওপর নৌ অবরোধ ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন ট্রাম্প। এ ক্ষেত্রে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অবস্থানকে সমর্থন করছেন তিনি। একই সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে, ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতেও ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিক সামরিক পদক্ষেপের বিষয়ে ভিন্নমত দেখা যাচ্ছে। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ইসরাইলের নির্বাচনের পর সরকার গঠনের প্রক্রিয়ায় থাকা গাদি আইজেনকোটও বর্তমান পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে অবিলম্বে সামরিক অভিযান চালানোর প্রয়োজনীয়তা দেখছেন না। আইজেনকোটের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।



