tanaka
প্রচ্ছদঅন্যান্যসুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ, জানালেন জয়সওয়াল

সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ, জানালেন জয়সওয়াল

কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। তবে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুই দেশের কনস্যুলার সংলাপ আপাতত স্থগিত করা হয়েছে। উভয় পক্ষের জন্য সুবিধাজনক সময়ে নতুন করে সংলাপের তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে নয়াদিল্লি।

শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক চায় ভারত।’

তিনি জানান, বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় বাংলাদেশের সঙ্গে ভারতের যোগাযোগ অব্যাহত রয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য, রেল যোগাযোগ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বৈঠক ও আলোচনা হয়েছে।

কনস্যুলার সংলাপের বিষয়ে জয়সওয়াল বলেন, বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সুবিধা বিবেচনায় নিয়ে পরবর্তী বৈঠকের তারিখ নির্ধারণ করা হবে। ওই সংলাপে সংশোধিত ভ্রমণব্যবস্থাসংক্রান্ত বিষয়গুলোও আলোচনার জন্য থাকবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, বিদ্যমান প্রাতিষ্ঠানিক ব্যবস্থার আওতায় কারিগরি পর্যায়সহ বাংলাদেশের সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত রয়েছে।

এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি থেকে দেওয়া ভার্চুয়াল বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-নয়াদিল্লি সম্পর্কে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে। গত ৫ আগস্ট নয়াদিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। এর পরিপ্রেক্ষিতে তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার প্রত্যর্পণ দাবি পুনর্ব্যক্ত করে ঢাকা।

তবে শেখ হাসিনার ওই বক্তব্যের আয়োজনে ভারতের কোনো ভূমিকা ছিল না এবং তার বক্তব্যকে ভারত সমর্থন করে না বলে জানিয়েছিল নয়াদিল্লি।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছাড়েন ৭৮ বছর বয়সী শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন।

সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস