দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। বিশেষ করে নিজের শহর খুলনার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, ব্যক্তিগত অর্জনের চেয়ে এখন তাঁর কাছে সবচেয়ে বড় প্রত্যাশা একটি নিরাপদ বাংলাদেশ।
জাতীয় দলের হয়ে ৮৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলা সোহান মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান।
পোস্টে তিনি লেখেন, ‘আজ সবচেয়ে বড় স্বপ্ন কোনো ব্যক্তিগত অর্জন নয়, আজ সবচেয়ে বড় স্বপ্ন একটি নিরাপদ বাংলাদেশ। নিরাপদ মানুষ, নিরাপদ খুলনা, নিরাপদ বাংলাদেশ।’
দেশের মানুষের নিরাপত্তার চেয়ে রাজনীতি, ক্ষমতা কিংবা অন্য কোনো স্বার্থ বড় হতে পারে না বলে মন্তব্য করেন এই ক্রিকেটার। তিনি লেখেন, বর্তমানে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বাড়ছে। বিশেষ করে তাঁর নিজ শহর খুলনার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, যা কোনোভাবেই উপেক্ষা করা উচিত নয়।
রাষ্ট্রের দায়িত্বের কথা তুলে ধরে সোহান আরও বলেন, একজন বাংলাদেশি ও ক্রীড়াবিদ হিসেবে তিনি মনে করেন, নাগরিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করাই রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তিনি লেখেন, ‘আমরা সংঘাত চাই না, প্রতিশোধ চাই না, অস্থিরতা চাই না। আমরা চাই আইনের শাসন, ন্যায়বিচার এবং প্রতিটি নাগরিকের নিরাপদে বেঁচে থাকার অধিকার।’
পোস্টের শেষাংশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সোহান। তাঁর দাবি, শুধু আশ্বাস নয়, বাস্তব পদক্ষেপের মাধ্যমে খুলনাসহ দেশের প্রতিটি অঞ্চলে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।



